নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি প্রকল্পের প্রধান নিষ্কাশন খালের পাড় দখলের অভিযোগ উঠেছে বিএনপির লোকজনের বিরুদ্ধে।
খালের ময়লা-আবর্জনা পরিষ্কার ও দখলমুক্ত করার লক্ষ্যে কয়েক দিন আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) খালের পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এর পরপরই ওই জায়গা পুনরায় বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করে দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ স্থানীয়দের।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকার হাজী আহসান উল্ল্যাহ সুপার মার্কেট ও কাসসাফ শপিং সেন্টারের পেছনে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, নাসিকের উচ্ছেদ অভিযানের পর খালের পাড়ের জায়গাটি খালি হওয়ার সুযোগে কিছু লোক সেখানে বাঁশের বেড়া দিয়ে সীমানা তৈরির চেষ্টা করছেন। একই সঙ্গে ওই জায়গা হকারদের কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বরাদ্দ দেওয়ার পাঁয়তারা চলছে বলেও অভিযোগ উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন হকার বলেন, ‘আমরা গরিব মানুষ। দীর্ঘদিন ধরে এখানে ছোট ছোট দোকান করে জীবিকা নির্বাহ করছি। মঙ্গলবার সকালে রবি সাহেবের লোকজন এসে বাঁশের বেড়া দিয়ে জায়গাটি ঘেরাও করার চেষ্টা করেন। তারা আমাদের যোগাযোগ করতে বলেছেন।’
স্থানীয়দের প্রশ্ন, ডিএনডির প্রধান নিষ্কাশন খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে যেখানে দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে, সেখানে উচ্ছেদের পরপরই কীভাবে আবার খালের পাড় দখলের চেষ্টা হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেন, অবৈধ দখল ঠেকাতে বাঁশের বেড়া দিয়ে রাখা হয়েছে। এখানে যেন হকাররা পুনরায় বসতে না পারে এজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।






































আপনার মতামত লিখুন :