News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

সোনারগাঁয়ে এক বছরে সাড়ে ১১ একর খাস জমি উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬, ০৯:৫১ পিএম সোনারগাঁয়ে এক বছরে সাড়ে ১১ একর খাস জমি উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি খাস জমি উদ্ধার, ভূমি সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি এবং হয়রানিমুক্ত নাগরিক সেবা প্রদানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে উপজেলা কাঁচপুর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়। গত এক বছরে এই কার্যালয়ের নানামুখী ও কার্যকর পদক্ষেপে পাল্টে যেতে শুরু করেছে স্থানীয় ভূমি ব্যবস্থাপনার চিত্র।

বুধবার (১১ আগষ্ট) সকালে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন কাঁচপুর সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম।

তিনি জানান, উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক ও কঠোর অভিযান চালিয়ে গত এক বছরে প্রায় ১ হাজার ১৫০ শতাংশ বা সাড়ে ১১ একর অবৈধ দখলকৃত সরকারি খাস জমি পুনরুদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ভূমি সংক্রান্ত বিভিন্ন অনিয়ম ও আইন লঙ্ঘনের দায়ে প্রায় ৪০টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে।

সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ ও ভোগান্তি লাঘব করতে গত এক বছরে প্রায় ১৫ হাজার নামজারি আবেদন সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে বলে জানান তিনি। এর ফলে দ্রুততম সময়ে সেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে স্থানীয় ভূমি মালিকদের জন্য। পাশাপাশি ভূমি সংক্রান্ত জটিলতা ও বিরোধ নিরসনে ৪৩২টি মিস কেইসের আদেশ প্রদান ও যথাযথ নিষ্পত্তি করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম আরও জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর। সরকারি সম্পত্তি রক্ষায় অবৈধ দখল উচ্ছেদ অভিযান এবং আইনগত পদক্ষেপ ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহলের মতে, এক বছরে সাড়ে ১১ একর খাস জমি উদ্ধার এবং রেকর্ড সংখ্যক নামজারি ও মামলা নিষ্পত্তি সোনারগাঁয়ের ভূমি ব্যবস্থাপনায় একটি প্রশংসনীয় অগ্রগতি। ভূমি খাতের এই শৃঙ্খলা বজায় থাকলে সাধারণ মানুষের ভোগান্তি বহুলাংশে কমে আসবে বলে প্রত্যাশা করছেন তারা।