নারায়ণগঞ্জ শহরে পার্কিংবিহীন ভবন ও অনুমোদিত নকশার ব্যতয় ঘটিয়ে নির্মিত স্থাপনার বিরুদ্ধে নজরদারি শুরু করেছে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (নাউক)।
এরই অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় পার্কিংবিহীন ভবন পরিদর্শন করে ভবন মালিক ও সংশ্লিষ্টদের সতর্ক করেছেন নউকের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব।
সোমবার দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় পরিদর্শনকালে ভবনের অনুমোদিত নকশা, পার্কিং ব্যবস্থা এবং সড়কের জায়গা দখল করে কোনো স্থাপনা কিংবা গাড়ি রাখা হচ্ছে কি না এসব বিষয় খতিয়ে দেখেন তিনি।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেন, ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা যথাযথভাবে অনুসরণ করতে হবে। আবাসিক কিংবা বাণিজ্যিক ভবনে নির্ধারিত পার্কিং ব্যবস্থা না থাকলে সড়কে গাড়ি রাখার কারণে যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি বাড়ে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ নগরীর যানজট কমাতে পার্কিং ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অনুমোদিত নকশার বাইরে গিয়ে ভবন নির্মাণ কিংবা নির্ধারিত পার্কিংয়ের জায়গা অন্য কাজে ব্যবহার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ভবন মালিকদের অনুমোদিত নকশা মেনে চলার পাশাপাশি নির্ধারিত পার্কিংয়ের জায়গা দখল বা অন্য কোনো কাজে ব্যবহার না করার জন্য সতর্ক করেন তিনি।
নগরবাসীর অভিযোগ, নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাণিজ্যিক এলাকায় অনেক ভবনে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নেই। ফলে ভবনের সামনে ও সড়কের পাশে গাড়ি পার্কিং করায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট। এতে পথচারীসহ সাধারণ মানুষের চলাচলে বাড়ছে দুর্ভোগ।
নগরবাসী বলছেন, শুধু সতর্কতা নয়, নিয়ম অমান্যকারী ভবন মালিকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে সড়কে অবৈধ পার্কিং কমবে এবং নগরীর যানজটও অনেকটা নিয়ন্ত্রণে আসবে।


































আপনার মতামত লিখুন :