News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বন্দরে মাদক চাঁদাবাজি কিশোরগ্যাং সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চলবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬, ০৮:১২ পিএম বন্দরে মাদক চাঁদাবাজি কিশোরগ্যাং সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চলবে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

একইসাথে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বিষয়ক জনকল্যাণমুখী নানা পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়।

বিশেষ করে মাদক-সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে জুলাই  মাসের আইনশৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকার।

মাসিক সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভুমি)রহিমা আক্তার ইতি, র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো.মুহিত কবির সেরনিয়াবাত, বন্দর থানার ওসি মো. জামাল উদ্দিন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. রাজিউর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.আল মাহমুদ হাছান, সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা মো. হান্নান মিয়া,নৌ পুলিশের পরিদর্শক হাসান জামিল খান, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা সঞ্জয় খান প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

র‍্যাব কর্মকর্তা মুহিত কবির বলেন, অপরাধীকে শুধু অপরাধী হিসেবেই বিবেচনা করা হবে। কাউকে নুন্যতম ছাড় দেওয়া হবে না। কেউ যদি কোনরকম নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে কঠোরভাবে দমন করা হবে। বিশেষ করে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে ইউএনও শিবানী সরকার বলেন, সবধরনের অপরাধ নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সরকার।তাই পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সাড়াশি অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় বন্দরের শিক্ষা,স্বাস্থ্য ও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে বেশকিছু জনমুখী সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হয়।