নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর দখলকৃত জায়গার উদ্ধার করে জামিয়া মনির উদ্দিন ব্যাপারী ক্বওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জ্যেষ্ঠ আইনজীবী ড. তৈমূর আলম খন্দকারের নেতৃত্বে খাদুন-রূপসী-কাহিনা-মৈকুলী-খিদিরপুর এলাকাবাসীর উপস্থিতিতে রূপগঞ্জের রূপসী এলাকায় মাদরাসার এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এসময় তৈমূর আলম খন্দকার বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর এই এলাকার এক সময়ের এমপি মন্ত্রীর কবল থেকে মাদরাসা জায়গা উদ্ধার হয়েছে। এই জন্য আল্লাহপাকের কাছে হাজারো শুকরিয়া এবং আশপাশের পাঁচ গ্রামের মানুষজন সহযোগিতা করেছেন। এলাকাবাসী প্রচন্ড রোদে দাঁড়িয়ে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের এমপি ইউএনও অ্যাসিল্যান্ড ডিসি সহ স্থানীয় প্রশাসন সরকারকে ধন্যবাদ জানাই জায়গা উদ্ধার করে দেয়ার জন্য।
তিনি আরও বলেন, আমি চাই যেহেতু আমাদের এটা অনেক কষ্টের ফসল। এই মাদরাসা পাঁচ গ্রামবাসীর আমানত। এখানে এমন ছাত্র তৈরি হবে যারা শুধু মিলাদ পড়াবে জানাজায় অংশগ্রহণ করবে তা নয়; যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। মাদরাসার পাশাপাশি আমরা এখানে কারিগরি শিক্ষাকেন্দ্র স্থাপন করবো। যাতে করে দ্বীনি শিক্ষার পাশাপাশি দুনিয়াবী শিক্ষা গ্রহণ করতে পারে। এজন্য আমি সকলের সহযোগিতা চাই। কবরস্থানের জন্য মাটি ফেলানো হয়েছে। ৩১ লক্ষ টাকার মধ্যে ১০ লক্ষ টাকা তহবিলে জমা হয়েছে। আমরা মাদরাসার কাজ শুরু করার পর পাঁচ গ্রামের এলাকাবাসীদের নিয়ে কবরস্তানের কাজ শুরু করবো। আমি মনে সকলের একাগ্রতা এবং আন্তরিক প্রচেষ্টা রয়েছে আমরা কামিয়াব হতে পারবো।
তৈমূর বলেন, একটা সময় রূপগঞ্জ ভূমিদস্যুদের অভয়ারণ্যে পরিণত হয়েছিলো। যে যেভাবে পেরেছে সেভাবে জায়গা দখল করেছে। সেই দিন শেষ হয়ে গেছে। রূপগঞ্জের মানুষ জেগে উঠেছে। প্রত্যেকটি ইউনিয়নে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে। ১৫ থেকে ২০ বছর ধরে ভূমিদস্যুদের বিরুদ্ধে জাগরণ সৃষ্টি করার চেষ্টা করছিলাম। কিন্তু ভূমিদস্যুদের বিরুদ্ধে পেরে উঠতে পারছিলাম না। কারণ তখন সরকার পুলিশ কিছু সেনবাহিনীর কর্মকর্তা ভূমিদস্যুদের সাথে ছিলো। বিভিন্ন বড় বড় প্রকল্প গড়ে উঠেছে; কিন্তু রূপগঞ্জবাসীর কোনো উন্নয়ন হয়নি। এখন মানুষ ভূমিদস্যুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।
এসময় পাঁচ এলাকাবাসীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মোখলেসুর রহমান ভূঁইয়া, মোঃ নুরুজ্জামান, মোঃ মহসিন ভূঁইয়া, ডাক্তার মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুব জামাতের সাধারণ সম্পাদক আল আমিন, বিএনপি নেতা আব্দুল হালিম, মোঃ কামরুল ইসলাম, মোহাম্মদ ও সিরাজুল ইসলাম প্রমুখ।








































আপনার মতামত লিখুন :