News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ফতুল্লা কাশীপুর ও এনায়েতনগরকে নাসিকে অন্তর্ভুক্তের পক্ষে মতামত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৬:৫১ পিএম ফতুল্লা কাশীপুর ও এনায়েতনগরকে নাসিকে অন্তর্ভুক্তের পক্ষে মতামত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে সদর উপজেলার তিনটি ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার পক্ষে প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসন। এ তিনটি ইউনিয়ন হলো ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর। প্রতিবেদনে বলা হয়েছে, জনসংখ্যা, পেশা, শিল্পপ্রতিষ্ঠান, অবকাঠামো এবং জনমত বিবেচনায় এসব এলাকা সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির উপযোগী।

সম্প্রতি জেলা প্রশাসক মো. রায়হান কবির স্বাক্ষরিত চূড়ান্ত মতামতের ওই প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে।

তবে আগের প্রস্তাবে থাকা কাশীপুর ইউনিয়নকে অন্তর্ভুক্তির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ এবং সংকোচন) বিধিমালা, ২০১৩ অনুযায়ী নাসিকের সীমানা বর্ধিতকরণের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এর আলোকে গত ২৭ জুলাই ও ১১ আগস্ট গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানির সিদ্ধান্ত অনুযায়ী পরিদর্শন কমিটি গঠন করা হয়।

পরিদর্শন কমিটি সরেজমিনে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে ড্রোন ফুটেজসহ প্রতিবেদন দাখিল করে। গণশুনানি ও পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে বিধিমালার ৩ নম্বর বিধি অনুযায়ী ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর ইউনিয়নের সম্পূর্ণ অংশ নাসিকে অন্তর্ভুক্ত করা যেতে পারে বলে মত দিয়েছে জেলা প্রশাসন।

তবে সবশেষ প্রতিবেদনে কাশীপুর ইউনিয়নের কোনো অংশকে নাসিকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়নি। অথচ এর আগে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ সিটি করপোরেশনে যুক্ত করার প্রস্তাব করা হয়েছিল।