নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় যানজট নিরসনে ডিজিটাল নাম্বার প্লেট ছাড়া চলাচলকারী অটোরিকশার (মিশুক) বিরুদ্ধে অভিযান শুরু করেছে নাসিক কর্তৃপক্ষ। রোববার দুপুরে নারায়ণগঞ্জ শহরের ৬টি স্পটে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এসময় নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, টাউন প্ল্যানার মঈনুল হক, কাজি ফরিদুল মিরাজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় ট্রাফিক পুলিশের পরিদর্শকসহ বিপুল সংখ্যক আনসার সদস্য, যানজট নিরসন কর্মী ও উচ্ছেদ কর্মীরা উপস্থিত ছিলেন।
নাসিকের প্রশাসক সাখাওয়াত হোসেন খান জানান, নাসিকের তিনটি অঞ্চলে অটোরিকশা চলাচলে কিইউআর কোড সম্বলিত ডিজিটাল নাম্বার প্লেট দেয়া হয়েছে। এসব নাম্বার প্লেট ছাড়া যেসব অটোরিকশা চলাচল করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শহরের ৬টি পয়েন্টে আনসার সদস্য, যানজট নিরসন কর্মী ও উচ্ছেদ কর্মীসহ মোট ১৮০ জন কাজ করবে। তাদেরকে সহযোগিতায় পুলিশের টিম রয়েছে।
অভিযানের বিষয়ে কয়েকজন নগরবাসী বলেন, নারায়ণগঞ্জ শহরে অবৈধ অটোরিকশার কারণে যানজট লেগেই থাকতো। নাসিক যে অভিযান শুরু করেছে তাতে শহরের যানজটের প্রকোপ কমে আসবে বলে তারা প্রত্যাশা করেন।

































আপনার মতামত লিখুন :