২৯ এপ্রিল নগর ভবনের সভা কক্ষে নারায়ণগঞ্জ নগর যুব কাউন্সিলের উদ্যোগে এবং সিরাক-বাংলাদেশের সহযোগিতায় গুরুত্বপূর্ণ মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
নগর যুব কাউন্সিল গঠনের পর থেকে যুব কাউন্সিলররা নগর উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছেন। যুব কাউন্সিলের উদ্যোগে ও অংশগ্রহণে ইতোমধ্যে যানজট নিরসন ক্যাম্পেইন, পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি, জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা, শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন, গর্ভবতী নারীদের পুষ্টি সামগ্রী বিতরণ কর্মসূচি, মশক নিধন কর্মসূচি, ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম, তরুণদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, সামাজিক সমস্যা নিরসনে আলোচনা সভাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে জনসচেতনতা বৃদ্ধি, নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানে প্রস্তাবনা প্রদানেও তারা সক্রিয় ভূমিকা পালন করছে। এসকল কার্যক্রমকে আরও সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে উক্ত কর্মপরিকল্পনা ও মতবিনময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান।
সভার শুরুতে সঞ্চালনা ও পরিচয়পর্ব সম্পন্ন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম। নগর যুব কাউন্সিল নির্বাচন এবং নির্বাচনের পর থেকে পরিচালিত কার্যক্রমের ওপর উপস্থাপনা প্রদান করেন লুৎফা পাঠান, প্রজেক্ট ম্যানেজার, সিরাক-বাংলাদেশ।
নগর যুব কাউন্সিলের পক্ষ থেকে কাউন্সিল সম্পাদক রাকিবুল ইসলাম ইফতি কাউন্সিলের অভিজ্ঞতা, চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং তাদের প্রস্তাবনাগুলো প্রশাসকের নিকট উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ নগর যুব কাউন্সিল একটি ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ।
তিনি সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে তরুণদের প্রতিনিধি হিসেবে যুব কাউন্সিলরদের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, হাম-রুবেলা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অটোরিকশা লাইসেন্সিং কার্যক্রম, প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচি বাস্তবায়ন, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশকনিধন কার্যক্রম এবং মাদকাসক্তি প্রতিরোধ কার্যক্রমে যুব কাউন্সিলরদের সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে।
এছাড়া নারায়ণগঞ্জ নগর যুব কাউন্সিলের নিয়মিত মাসিক সভা নগর ভবনের সভাকক্ষে আয়োজনের বিষয়ে তিনি সদয় সম্মতি প্রদান করেন।
সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত উদ্যোগটির জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ইউএন-হ্যাবিট্যাট এবং ওয়ার্ল্ড আরবান ফোরামসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এই মডেল ইতিবাচকভাবে প্রশংসিত ও পুরষ্কার প্রাপ্ত হয়েছে এবং ভবিষ্যতেও এর অর্জন আরও বিস্তৃত ও কার্যকর হবে বলে আমরা আশাবাদী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নূর কুতুবুল আলম (উপ-সচিব) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং শেখ মোস্তফা আলী, মেডিকেল অফিসার , নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এছাড়াও উপস্থিত ছিলেন সিরাক-বাংলাদেশ এর উপ-পরিচালক (প্রোগ্রাম) মোঃ সেলিম মিয়া, নেটওয়ার্ক অফিসার মোঃ কামরান মিয়া, এবং যুব কাউন্সিলরবৃন্দ— সাইদুল ইসলাম, নাসিমা সরদার নিঝুম, মোঃ সানি সরকার, সিরাজুম মনিরা ঝুমা, বিরাজ পাল চৌধুরী, মেহরাব হোসেন অপু, জিয়াসমিন আক্তার রিভা, হামিদুল ইসলাম জয়, আরিফুল ইসলাম ঝিমী এবং তাফরী আক্তার মনিসহ সিটি কর্পোরেশনের ওয়ার্ডভিত্তিক সচিব এবং বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
সভা শেষে অংশগ্রহণকারীরা নগর উন্নয়নে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি টেকসই ও অংশগ্রহণমূলক নগর গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।






































আপনার মতামত লিখুন :