আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে জনবান্ধব, সহজ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা ২০২৬” আয়োজন করা হচ্ছে।
১৯ মে থেকে ২১ মে পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতাল সংলগ্ন উপজেলা ভূমি কমপ্লেক্স প্রাঙ্গণে মেলাটি অনুষ্ঠিত হবে। মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, কুইজ প্রতিযোগিতা, সেমিনারসহ নানা আয়োজন থাকবে।
তিন দিনব্যাপী এই মেলায় নাগরিকদের বিভিন্ন ভূমিসেবা সংক্রান্ত সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান প্রদান করা হবে। যার মধ্যে ল উল্লেখযোগ্য সেবাসমূহ হলো-অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও কর পরিশোধে সরাসরি সহায়তা প্রদান।
ই-নামজারি আবেদন গ্রহণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান। ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ। অনলাইনে খতিয়ানের (পর্চা) সার্টিফাইড কপির আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক সরবরাহ। ডাক বিভাগের মাধ্যমে মৌজা ম্যাপ সরবরাহ কার্যক্রমে সহায়তা ও প্রচার।
অনলাইন ডিসিআর ও অন্যান্য ভূমিসেবা সংক্রান্ত তথ্য ও সহায়তা প্রদান।
রোববার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভূমি সেবা মেলা উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাঈমা ইসলাম, সহকারী কমিশনার মো: নাজমুল হুদাসহ আরো অনেকে।
জেলা প্রশাসক মো. রায়হান কবির আরো জানান, ভূমিসেবা আধুনিকায়নে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বর্তমানে জেলার ৫টি উপজেলা ভূমি অফিস এবং ৪টি রাজস্ব সার্কেল এর মাধ্যমে নিরবচ্ছিন্ন ভূমিসেবা প্রদান করে যাচ্ছে। একই সঙ্গে সাধারণ জনগণের দোরগোড়ায় সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দিতে জেলায় ৯টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও জেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে একটি করে ভূমিসেবা সহায়তা কেন্দ্র স্থাপনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যাতে জনগণকে ভূমিসেবা গ্রহণের জন্য অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার হতে না হয় এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষও সহজে পেতে পারেন।
মেলা চলাকালীন সময়ে ই-নামজারি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টার ১৬১২২ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হবে। এছাড়াও আগত দর্শনার্থীদের মাঝে ভূমিসেবা বিষয়ক তথ্যসমৃদ্ধ বুকলেট "ভূমি আমার ঠিকানা” বিতরণ করা হবে।



































আপনার মতামত লিখুন :