News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

ফ্রান্সে বাংলাদেশ প্রেসক্লাবের সম্পাদক সিদ্ধিরগঞ্জের আশিক উল্লাস


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬, ০৮:৫৩ পিএম ফ্রান্সে বাংলাদেশ প্রেসক্লাবের সম্পাদক সিদ্ধিরগঞ্জের আশিক উল্লাস

ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন ‘বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্স’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

দুই বছরের জন্য গঠিত ১১ সদস্যের এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহ সুহেল আহমদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আশিক আহমেদ উল্লাস।

বৃহস্পতিবার প্যারিসের একটি রেস্তোরাঁয় সংগঠনটির আত্মপ্রকাশ ও সাধারণ সভায় নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

ডিবিসি নিউজের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর সদস্যদের নাম ঘোষণা করেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আশিক আহমেদ উল্লাস দৈনিক আমাদের সময়-এর ফ্রান্স প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রায় নয় বছর ধরে প্রবাসে সাংবাদিকতা করছেন। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়ার বাসিন্দা ছিলেন।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি জান-ই-আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বাকার আল আমীন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম রনি, প্রচার সম্পাদক তানভীর তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নিপু বড়ুয়া এবং দপ্তর সম্পাদক কায়ছার মাহমুদ।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বাদল পাল, ইকবাল মোহাম্মদ জাফর ও সাহাদ উদ্দিন।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটিকে দায়িত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্স কাজ করবে। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এবং সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়নে সংগঠনটি ভূমিকা রাখবে।

নবগঠিত কমিটির নেতারা বলেন, ফ্রান্সে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের সংবাদ আরও গুরুত্বের সঙ্গে গণমাধ্যমে প্রকাশে তারা কাজ করবেন।