নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য।
ওই সময় ইট ও লোহার রড দিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলায় পুলিশ সদস্য মনির হোসেনসহ দুইজন আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াবদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার এএসআই স্বপনের নেতৃত্বে পুলিশ সদস্য মনির হোসেন ও আবু হানিফ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য ওই এলাকায় অভিযান চালান।
এ সময় আসামিপক্ষের লোকজন পুলিশের ওপর ইট ও লোহার রড নিয়ে হামলা চালায়। এতে পুলিশ সদস্য মনির হোসেনের মাথায় ইটের আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত পুলিশ সদস্য মনির হোসেনকে উদ্ধার করে চিটাগাং রোডের সুগন্ধা হাসপাতালে ভর্তি করেন।
ঘটনায় আহত অপর পুলিশ সদস্যকেও চিকিৎসা দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, আসামি ধরতে গিয়ে সিদ্ধিরগঞ্জ থানার দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, আমাদের একজন পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি আছেন। কিছুক্ষণ পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনায় পুলিশের ওপর হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।








































আপনার মতামত লিখুন :