নারায়ণগঞ্জের ফতুল্লায় আট লাখ টাকা স্বর্ণালংকার ডাকাতির সরঞ্জামসহ দুই জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাত ৪টা ৪০ মিনিটে মুসলিমনগর নয়াবাজার এলাকার আব্দুল বাতেন মিয়ার বাড়ির সামনের রাস্তা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো অলিউল্লাহ হাওলাদার (৩০) বরগুনা জেলার আমতলী থানার আমতলী পৌরসভা এলাকার মৃত ইউসুফ হাওলাদারের ছেলে একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে জাকারিয়া (২৮)।
গণমাধ্যমে পাঠানো ফতুল্লা মডেল থানার প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার দিনগত রাত ৪টা ৪০ মিনিটে ফতুল্লার মুসলিম নগর নয়াবাজার এলাকার মোঃ আব্দুল বাতেনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতি কালে দুই ডাকাতকে ৮ লাখ টাকা, ৩৯.৭২ গ্রাম স্বর্ণালংকার ও একটি সুইস গিয়ার চাকু, একটি স্টিলের চাপাতি, একটি ধারালো ছোট চাকু, একটি গ্যাস লাইটার হিটার, গ্রিল কাটার একটি যন্ত্র সহ গ্রেফতার করা হয়। এসময় তাদের সাথে থাকা অজ্ঞাত আরো ৭/৮ জন ডাকাত পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি ধারায় মামলা দায়ের করেছেন।
অপরদিকে গ্রেফতারকৃত ডাকাতের বাড়িওয়ালা আব্দুল বাতেন মিয়া জানান, তার দুই তলা বাড়ির উপর তলায় তারা পরিবার নিয়ে থাকেন এবং নিচ তলার দুটি ফ্লাট ভাড়া দিয়েছেন। প্রায় ৭ মাস আগে স্বামী স্ত্রী পরিচয়ে পিকআপভ্যান চালক অলি উল্লাহ নিচ তলার একটি ফ্লাটে ভাড়া আসেন। গত রাত ১টার সময় একজন সোর্স ও কয়েকজন পুলিশ অলি উল্লাহকে তার ফ্লাটে আটক করেন। কথাবার্তার শব্দ শুনে রাত দেড়টায় নীচে নেমে আসি এবং পুলিশ সদস্যদের কাছে ঘটনা জানতে চাই। তখন পুলিশ জানায় অলি উল্লাহর বিরুদ্ধে অভিযোগ আছে এজন্য তাকে ও তার এক আত্মীয়কে থানায় নিয়ে যাবে। ওই সময় পুলিশ তার ঘর থেকে বিপুল পরিমানের টাকা ও ছোট ছোট বিপুল পরিমানের স্বর্ণালংকার এবং গ্রীল কাটার একটি যন্ত্রসহ দুজনকে নিয়ে যায়। এসময় নিচ তলার আরেক ভাড়াটিয়াও সামনে ছিলো। তাদের নিয়ে যাওয়ার সময় টাকা স্বর্ণ আমাদের খুলে বা গুনে দেখায়নি কোন কাগজে স্বাক্ষরও নেয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেফতারকৃতরা অপরাধী কিন্তু তাদের গ্রেফতারে সঠিক আইন গ্রহন করেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের ধারনা ডাকাতদের কাছ থেকে উদ্ধার হওয়া টাকা স্বর্নের পরিমান বেশি হতে পারে। এজন্য পুলিশ সারাদিন তথ্যগোপন রেখে সন্ধায় তা প্রকাশ করেছে।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। বিস্তারিত পরে জানানো হবে।





































আপনার মতামত লিখুন :