News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ফতুল্লায় পাইলিং মেশিনের পাইপ পড়ে শিশুর মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৮:০২ পিএম ফতুল্লায় পাইলিং মেশিনের পাইপ পড়ে শিশুর মৃত্যু

ফতুল্লায় নির্মাণাধীন একটি ভবনের পাইলিং মেশিনের লোহার পাইপ ভেঙে পড়ে এক শিশুর মৃত্যুর হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় দক্ষিণ সস্তাপুর বুড়ির দোকান তাকওয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম ইয়াছিন(৫)। সে বক্তাবলী ইউনিয়নের রাজানগর এলাকার মো. রুবেল এর ছেলে। পেশাগত কারণে রুবেল কুমিল্লায় থাকলেও দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে দক্ষিণ সস্তাপুর বুড়ির দোকান এলাকার মল্লিক ডাক্তারের বাড়িতে ভাড়া থাকতেন নিহত ইয়াছিনের মা।

স্থানীয়রা অভিযোগ করেন, নির্মাণাধীন ভবনের পাইলিং কাজের সময় কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। নির্মাণাধীন কাজের জায়গার মালিক মিজান এবং ঠিকাদার বাবুল বলে জানা গেছে। তবে ঘটনাটি সমঝোতা করতে স্থানীয় বিএনপি নেতা উজ্জ্বল ও সম্রাট উভয় পক্ষকে নিয়ে মসজিদে বসে বিষয়টি নিয়ে আলোচনা করেন বলে স্থানীয়রা জানান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ইয়াছিন পাশের একটি দোকানে রুটি কিনতে যাওয়ার সময় হঠাৎ করে পাইলিং মেশিনের পাইপ ভেঙে তার ওপর পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর বাবা মো. রুবেল বলেন, “সকালে আমার বড় ছেলে ফোন দিয়ে বলে আমার ভাই নাই। খবর পেয়ে কুমিল্লা থেকে দ্রুত চলে এসেছি। টাকা গেলে আবার পাওয়া যায়, কিন্তু মানুষ তো আর ফিরে পাওয়া যায় না। আমার ছেলে আমার কাছে রাজপুত্রের মতো ছিল। আমি এই ঘটনার আইনগত বিচার চাই।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করলে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।