News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

মাসদাইরে ফ্ল্যাটে চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৮:৪৪ পিএম মাসদাইরে ফ্ল্যাটে চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার

নগরীর ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকায় একটি ফ্ল্যাটের তালা ভেঙে চুরির ঘটনায় জড়িত চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি করা নগদ টাকা, মোবাইল ফোন ও চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে ৭টি চেইন, ২টি নেকলেস, ১টি ব্রেসলেট ও ৪টি কানের দুল।

বৃহস্পতিবার ১২ মার্চ দিবাগত রাত দুইটার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ফতুল্লার চৌধুরী বাড়ি এলাকার রহিম চৌধুরীর বাড়ির তৃতীয় তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো বন্দর থানার চৌরাপাড়া এলাকার হাবিব মিয়ার ছেলে মো. পারভেজ (৪০), এবং বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার মাঝকান্দির চর এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. মিরাজ (২৯)।

পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে চুরি করা নগদ ২৫ হাজার টাকা, একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৫ ভরি ১৪ আনা ৫ রতি ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ১১ ফেব্রুয়ারি দুপুরে ফতুল্লার মাসদাইর শেরেবাংলা রোড এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম তার ফ্ল্যাটে তালা লাগিয়ে স্ত্রীকে নিয়ে ঈদের কেনাকাটার জন্য মার্কেটে যান। এ সুযোগে চোরেরা ফ্ল্যাটের তালা ভেঙে ঘরে থাকা নগদ ২৫ হাজার টাকা, ৮টি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের গলার হার, ৬টি স্বর্ণের আংটি, একটি নেকলেস, একটি ব্রেসলেটসহ মোট প্রায় ৭ ভরি স্বর্ণালংকার এবং একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

বিকেল সাড়ে চারটার দিকে তারা বাসায় ফিরে ফ্ল্যাটের দরজা খোলা এবং আলমারির তালা ভাঙা দেখতে পান। পরে রাতেই জহিরুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, চুরির ঘটনায় দ্রুত তদন্ত চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে ৫ ভরি ১৪ আনা, নগদ ২৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।