News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৮:৪৭ পিএম ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার উদ্ধার

র‌্যাব-১১ এর অভিযানে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ শরীফবাগ এলাকার খালপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে। শুক্রবার ১৩মার্চ দিবাগত রাত সাড়ে ১২টায় অভিযানটি পরিচালিত হয়।

র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় দক্ষিণ শরীফবাগ এলাকার খালপাড়ে একটি সন্দেহজনক শপিং ব্যাগ পড়ে থাকার তথ্য পাওয়া যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করা হয়।

তল্লাশির সময় ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। পরে জব্দতালিকা তৈরি করে অস্ত্রটি জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

র‍্যাব-১১ জানায়, অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।