News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

বন্দরে ইউপি সদস্য ও ভাগিনার বিরুদ্ধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৬:১৮ পিএম বন্দরে ইউপি সদস্য ও ভাগিনার বিরুদ্ধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে পাওনা টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন ও তার ভাগিনা মোহাম্মদ আলীর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তুলেছেন ভুক্তভোগী মোতালেবের স্বজনরা।

নিহত মোতালেবের পরিবারের সদস্যদের অভিযোগ থেকে জানা যায়, মুছাপুর এলাকার মহিউদ্দিন নামে ব্যক্তি গ্রামের অনেকের কাছ থেকে টাকা ধার নিয়ে আত্মগোপন করেন। মহিউদ্দিনের কাছে মোতালেব ১২ লাখ টাকা পেতেন। এই টাকা উদ্ধারের বিষয়ে সহায়তার জন্য স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করেন মোতালেব।

অভিযোগে বলা হয়েছে, শুক্রবার ২৬ জুন ভোরে ফজরের নামাজের পর আনোয়ার হোসেন টাকা উদ্ধারের বিষয়ে আলোচনার জন্য মোতালেবকে তার নিজ বাড়িতে ডেকে পাঠান। বৈঠকে ইউপি সদস্য আনোয়ার হোসেন দাবি করেন যে, তিনি টাকা উদ্ধার করে দিলে তাকে ৫ লাখ টাকা দিতে হবে। কিন্তু মোতালেব ৫ লাখ টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে ২ লাখ টাকা দেওয়ার প্রস্তাব করেন। এই নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

স্বজনদের ভাষ্যমতে, বিতন্ডর একপর্যায়ে ইউপি সদস্য আনোয়ার হোসেন ও তার ভাগিনা মোহাম্মদ আলী ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা মোতালেবকে মাটিতে ফেলে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এতে মোতালেব গুরুতর আহত হন। পরিবারের দাবি, তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা।