News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

তৈমূরের আবেদন গাজীর দখলকৃত খাল উদ্ধারে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১০:১২ পিএম তৈমূরের আবেদন গাজীর দখলকৃত খাল উদ্ধারে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর দখলকৃত সরকারি খাল উদ্ধারে আবেদনের প্রেক্ষিতে খাল উদ্ধারে প্রয়োজনী ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার খন্দকার শমিত রাজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আবেদনের বিষয়ে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং তারাবো প্রশাসককে নির্দেশক্রমে আবেদন প্রেরণ করা হয়েছে।

এর আগে গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নেতৃত্বে একটি আবেদন করা হয়।

এ বিষয়ে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছিলেন, নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রনী সেচ প্রকল্পের আওতায় রূপগঞ্জ উপজেলা-তারাবো পৌর সভা এলাকায় পানি উন্নয়ন বোর্ড খাল খনন করে। এই খালের মাধ্যমে মানুষ সেচের কাজ করতো। জমি জমা ধান চাষ এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন হতো। পরবর্তী সময়ে রূপগঞ্জের এমপি এবং মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ফ্যাক্টরি করে। এই ফ্যাক্টরি করতে গিয়ে খালের অর্ধেকাংশ ভরাট করে দখল করে। যার কারণে এলাকায় পানি নিষ্কাশন হয় না। সেচের কাজও হয় না। প্রায় সবসময়ই জলাবদ্ধ থাকে।

তিনি আরও বলেন, রূপগঞ্জে এখন জলাবদ্ধতা ভয়াবহ রূপ ধারণ করেছে। এই খাল খুলে দিয়ে জনগণের ব্যবহারের উপযুক্ত করার জন্য স্মারকলিপি দিয়েছি। জেলা প্রশাসক আমাদের আশ^স্ত করেছেন। তিনি বলেছেন জনস্বার্থে এই খাল উদ্ধার করবেন।

তৈমূর বলেন, আমরা আশ^স্ত বর্তমান সরকার জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচি বাস্ববায়নের জন্য সরকার বদ্ধপরিকর। আমাদের দৃঢ় বিশ^াস জেলা প্রশাসক জনগণের জন্য উন্মুক্ত করে দেন তাহলে রূপগঞ্জের জলাবদ্ধতা কমে আসবে। এটা খাল হিসেবে উন্মুক্ত করলে পানি নিষ্কাশন হতে পারে। অথবা ড্রেন এবং রাস্তার জন্য ব্যবহার করা হলেও জনগণের উপকার হবে। আমরা মনে করি এটা যদি উন্মুক্ত খাল থাকে জনগণ বেশি উপকৃত হবে।

এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী চাচ্ছেন সবগুলো খাল উদ্ধার করার জন্য। যেহেতু এটি জনস্বার্থ বিষয়; আমরা এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবো।