News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

সেন্ট্রাল খেয়াঘাট-টানবাজার পর্যন্ত ওয়াকওয়ে ক্রাইম জোন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬, ০৯:১৩ পিএম সেন্ট্রাল খেয়াঘাট-টানবাজার পর্যন্ত ওয়াকওয়ে ক্রাইম জোন

শীতলক্ষ্য নদীর পূর্ব পাড়ে নির্মিত ওয়াকওয়ে ১নং সেন্ট্রাল খেয়াঘাট থেকে টানবাজার খেয়াঘাট পর্যন্ত জঙ্গলে পরিণত হয়েছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের যথাযথ পরিচর্যার অভাবে উক্ত স্থানটির এ অবস্থা হয়েছে বলে দাবি পথচারীদের। এই স্থানটি বর্তমানে স্থানীয় এক বিএনপি নেতার অনুসারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ রয়েছে। তাদের নেতৃত্বে এখানে ছিনতাই মাদকসেবন সহ নানাবিধ অপরাধ সংঘটিত হচ্ছে বলে অভিযোগে জানা গেছে।

জানা গেছে, বন্দর সেন্ট্রাল খেয়াঘাট থেকে নিতাইগঞ্জ পর্যন্ত সাধারণ মানুষের হাটাচলার জন্য বিআইডব্লিউটিএ থেকে ওয়াকওয়ে নির্মাণ করা হয়। এই ওয়ার্কওয়েটির প্রায় অনেকটা অংশ জুড়ে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। এর মধ্যে বন্দর ঘাট থেকে টানবাজার ঘাট পর্যন্ত পুরোপুরি জঙ্গলে পরিণত হয়েছে। ফলে এখানে বৃদ্ধি পেয়েছে মাদক সেবীদের আড্ডা। সন্ধ্যার পর টানবাজার ঘাট সংলগ্ন ওয়াক ওয়েতে প্রতিদিন সন্ধ্যায় বসে মদ সেবনকারীদের আড্ডা। সেই সাথে এই স্থানটিতে থাকা লাইট গুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে সন্ধ্যার পর সেখানে নেমে আসে অন্ধকার। আর এই অন্ধকারের সুযোগ নিয়ে প্রতিদিন সেখান ঘটছে ছিনতাইয়ের ঘটনা।

ওয়াকওয়ে চলাচলকারীদের দাবি বন্দর খেয়াঘাট থেকে টানবাজার ঘাট পর্যন্ত রাস্তাটুকুতে দুই পাশে আগাছা গুলো বড় হতে হতে জঙ্গলে পরিণত হয়ে গেছে এসব আগাছা পরিস্কার করা প্রয়োজন। সেই সাথে এখানে থাকা ল্যাম্পপোস্ট গুলোতে অবশ্যই বাতি লাগিয়ে আলোর ব্যবস্থা করা প্রয়োজন। বিআইডব্লিটিএ এর এমন অব্যবস্থাপনার কারণে উক্ত স্থানটি এখন একটি ক্রাইম জোনে পরিণত হয়েছে।