News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

ফতুল্লায় চালকের পরিকল্পনায় চুরি : কোটি টাকার স্বর্ণালংকার উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৭:৫৩ পিএম ফতুল্লায় চালকের পরিকল্পনায় চুরি : কোটি টাকার স্বর্ণালংকার উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় চুরির ঘটনায় প্রায় কোটি টাকা মূল্যমানের স্বর্ণালংকার ও রুপার গহনা উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় হোসেন (৪২) নামে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই পরিবারের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হোসেন শেরপুর সদর থানার চাপাতলী এলাকার মৃত কালামের ছেলে। বর্তমানে তিনি ফতুল্লার চাঁদমারী এলাকায় জাকিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৯টায় ফতুল্লার চাঁদমারী এলাকা থেকে হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদমারীতে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে চুরি যাওয়া স্বর্ণালংকার ও রুপার গহনার একটি বড় অংশ উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, মামলার বাদী আসিফা আশরাফী (৩৪) ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকায় নিজ মালিকানাধীন ভবনের চতুর্থ তলার দ্বিতীয় ও তৃতীয় তলায় পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন। পেশাগত কারণে পরিবারের সদস্যরা নির্দিষ্ট সময়ে বাসা তালাবদ্ধ করে বাইরে যাতায়াত করতেন।

এরই ধারাবাহিকতায় চলতি মাসের ১ তারিখ সকাল সাড়ে ১০টায় আসিফা আশরাফী বাসায় তালা দিয়ে বাইরে চলে যান। প্রায় দুই ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টায় তার মা ব্যক্তিগত গাড়িচালক হোসেনকে সঙ্গে নিয়ে দ্বিতীয় তলায় যান। সেখানে গিয়ে দরজা খোলার চেষ্টা করলে ভেতর থেকে সিটকানি লাগানো থাকায় দরজা খোলা সম্ভব হয়নি। এ সময় দরজার নিচের অংশ কিছুটা ভাঙা দেখতে পান তারা।

পরে তার মা তৃতীয় তলার ফ্ল্যাটের তালা খুলে ভেতরে প্রবেশ করে সেখান থেকে দ্বিতীয় তলায় যান। সেখানে একটি ওয়ারড্রপের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ওয়ারড্রপে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও রুপার গহনা পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে বাসায় ফিরে আসেন বাদী।

এ ঘটনায় আসিফা আশরাফী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে নগদ ২ লাখ ২০ হাজার টাকা, প্রায় ১ কোটি ৮ লাখ টাকা মূল্যমানের ৫৪ ভরি ৫ আনা স্বর্ণালংকার এবং ৩০ হাজার টাকা মূল্যমানের ৮ ভরি ৪ আনা রুপার গহনা চুরির কথা উল্লেখ্য করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ফতুল্লা মডেল থানা পুলিশ। তদন্তের অংশ হিসেবে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ দেখতে পায়, পরিবারের গাড়িচালক হোসেন পেছনের একটি গলি দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করছেন এবং কিছুক্ষণ পর একই রাস্তা দিয়ে হাতে ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছেন।

সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সোমবার রাতে চাঁদমারী এলাকা থেকে হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চানমারীর ভাড়া বাসায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ৫৪ ভরি ৫ আনা স্বর্ণালংকারের মধ্যে ৪৯ ভরি ১৫ আনা এবং ৮ ভরি ১৪ আনা রুপার গহনা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেপ্তারকৃত গাড়িচালক আগে থেকেই চুরির পরিকল্পনা করেছিল। সে ডুপ্লিকেট চাবি তৈরি করেছিল এবং পরিবারের সদস্যরা কখন বাসা ফাঁকা রাখেন, সে বিষয়েও তার ধারণা ছিল। সুযোগ বুঝে ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্ল্যাটে প্রবেশ করে চুরি করে পালিয়ে যায়।

ওসি আরও বলেন, অভিযোগ পাওয়ার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গাড়িচালক হোসেনকে শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে তার দেওয়া তথ্য অনুযায়ী চুরি যাওয়া স্বর্ণ ও রুপার গহনার একটি বড় অংশ উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, চুরির ঘটনার পরও হোসেন নিয়মিত গাড়ি চালানোর দায়িত্ব পালন করে আসছিলেন, যাতে পরিবারের সদস্যদের সন্দেহের উদ্রেক না হয়।

এ ঘটনায় আরও কেউ জড়িত কি না এবং চুরি যাওয়া বাকি মালামাল উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি