News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বন্দরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৯:৫২ পিএম বন্দরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে” প্রত্যয়কে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বন্দর উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা এবং প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমাহমুদ হাসান, বন্দর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফয়সাল আহম্মেদ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তারা বলেন, ভালো ফলাফল শিক্ষার্থীদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন। তবে এই সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের স্বপ্নকে বড় করে দেখার এবং কঠোর পরিশ্রম, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান অতিথিরা।

অনুষ্ঠানের শেষ পর্বে এসএসসির জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এ সময় সকল শিক্ষার্থীর মাঝে পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।