News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

সোনারগাঁয়ে ৩ স্কুলছাত্রের মৃত্যু : বাল্কহেডসহ আটক ৪


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৯:০০ পিএম সোনারগাঁয়ে ৩ স্কুলছাত্রের মৃত্যু : বাল্কহেডসহ আটক ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে গোসল করতে গিয়ে তিন স্কুল শিক্ষার্থীর মৃত্যুর  ঘটনায় একটি বাল্কহেডসহ চারজনকে আটক করেছে নৌ-পুলিশ। অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে তাদের আটক করা হয়েছে। 

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বৈদ্যেরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ নৌ-পুলিশ পুলিশ সুপার আলমগীর হোসেন। তিনি বলেন, আটককৃত বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। 

আটক চারজন হলেন বাল্কহেড এমবি সোনারগাঁ মদিনা-৪-এর সুকানি মো. হাবিবুর রহমান (৪৫), গ্রীজার মো. আবু জাফর (৩৫) এবং লস্কর এবাদুল হাওলাদার (২৫) ও মো. সিফাত (১৯)। বাল্কহেডটির নম্বর ০১-১০৭৭। এটি মেসার্স রনি এন্টারপ্রাইজের। 

এই প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ হোসেন মিয়া ও সুজিত কুমার সাহা।

জানা গেছে, সোমবার সকাল ১০ টা বাড়ি মজলিস হাফেজিয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে বাড়ি মজলিস সামাজিক কবরস্থানে নিহত দুই যমজ ভাইয়ের দাফন সম্পন্ন হয়। এছাড়া আরেক নিহত আবিদ হোসেনের মরদেহ তার গ্রামের বাড়ি খুলনা নিয়ে যাওয়া হয়েছে।

সোনারগাঁ থানার বৈদ্যেরবাজার নৌ পুলিশের পরিদর্শক রুহুল আমিন বলেন, তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বাল্কহেডসহ চারজনকে আটক করা হয়েছে। নিহত যমজ দুই শিক্ষার্থীর বাবা মোহাম্মদ ফারুক বাদী হয়ে মামলা করবেন। শিক্ষার্থীরা মেঘনা নদীতে যেখানে বাল্কহেডটি থামানো ছিল, সেখানে গোসল করছিল। বাল্কহেডের ইঞ্জিন চালু করার পর নদীর পানিতে প্রচন্ড ঘূর্ণি তৈরি হয়। এসময় একজন নারী টান দিয়ে একজন শিক্ষার্থীকে উদ্ধার করতে পারলেও অন্য তিনজন পানিতে তলিয়ে যায়। বাল্কহেড ও আটক চারজনের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, রোববার দুপুরে স্কুল ফাঁকি দিয়ে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটি বন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে গিয়ে তিন স্কুল শিক্ষার্থী তলিয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রচেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকার মোহাম্মদ ফারুকের জমজ ছেলে আরেফিন আহমেদ (১৫) ও আশেকিন আহমেদ (১৫) এবং একই এলাকার আবদুল আলীমের ছেলে আবিদ হোসেন (১৪)। তাঁরা উভয়ে মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

মরদেহ উদ্ধার শেষে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেছিলেন, মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুজন জমজ ভাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাল্কহেডের পাখার সঙ্গে ধাক্কা লেগে শিক্ষার্থীরা পানিতে তলিয়ে যেতে পারে।