News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

১২০ কোটি টাকায় জিয়া হল হবে ১১ তলা : সাখাওয়াত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৯:১১ পিএম ১২০ কোটি টাকায় জিয়া হল হবে ১১ তলা : সাখাওয়াত

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় অবস্থিত জরাজীর্ণ শহীদ জিয়া হলকে এবার আধুনিক রূপ দিতে মাটির সয়েল টেস্ট এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার ২১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান যৌথ ভাবে এই সয়েল টেস্ট এর উদ্বোধন করেন।

জাপানি দাতা সংস্থা জাইকার অর্থায়নে ১২০ কোটি ব্যয়ে ১১তলা বিশিষ্ট আধুনিক ভবনের দুই তলা থাকবে মাটির নিচে। সেখানে প্রায় ৫০০ প্রাইভেট কার পার্কিং করে রাখার সুব্যবস্থা থাকবে। পাশাপাশি নাট্যশালা, লাইব্রেরি, কমিউনিটি সেন্টার ও প্রশিক্ষণকেন্দ্রসহ সাংস্কৃতিক কেন্দ্রের বিভিন্ন সুবিধা থাকবে বলে জানিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

তিনি বলেন, ‘আমি মনে করি, এটি নারায়ণগঞ্জের একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এখান থেকে নারায়ণগঞ্জের মানুষ বাংলাদেশসহ সারা পৃথিবীতে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার সুযোগ পাবে। গত ফ্যাসিস্ট সরকার এটাকে ভেঙে ফেলে এখানে দখল করার পাঁয়তারা করেছিল। সেই পাঁয়তারা দেশের মানুষ ও নারায়ণগঞ্জের মানুষ ব্যার্থ করে দিয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জিয়া হলকে একটি সাংস্কৃতিক হাব হিসেবে গড়ে তুলতে ১২০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে।

সাখাওয়াত হোসেন খান আরো বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য, নাসিক প্রশাসকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের প্রচেষ্টায় জিয়া হলকে খুব দ্রুত বাস্তবে দেখতে পারব বলে আমরা বিশ্বাস করি।