News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জ প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১২১ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৯:৪৭ পিএম নারায়ণগঞ্জ প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১২১ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

মেধা, অধ্যবসায় ও সাফল্যের স্বীকৃতি হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১২১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ, অধ্যবসায়ের স্বীকৃতি এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে তাদের আরও উৎসাহিত করার লক্ষ্যে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। সেই সাথে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় মোট ১২১ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। এ সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সেই সাথে এবারের বৃত্তি অর্জনের ক্ষেত্রে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করায় কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আরও মনোযোগী ও উৎসাহিত করার পাশাপাশি বিদ্যালয়গুলোতে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।