News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

চাঁদাবাজ ছিনতাইমুক্ত নারায়ণগঞ্জ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ১১:০২ পিএম চাঁদাবাজ ছিনতাইমুক্ত নারায়ণগঞ্জ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে

ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ বলেছেন, "একটি জাতির মেরুদণ্ড হলো তার যুব সমাজ। যুবকরা জেগে উঠলে সমাজ বদলে যায়, যুবকরা সাহসী হলে ইতিহাস কথা বলে। চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের বিষবাষ্প থেকে মুক্ত একটি আদর্শ নারায়ণগঞ্জ গড়তে তরুণদেরকেই নৈতিক নেতৃত্বের ভূমিকা নিতে হবে।"

মঙ্গলবার (১০ মার্চ) বিকালে নারায়ণগঞ্জের শহরের আল-হাবীব মিলনায়তনে ইসলামী যুব মজলিসের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর শাখা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী শেখ শাব্বীর আহমাদ বলেন, আজ আমরা ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি। এই তিন বছরের পথচলায় আমরা যুবকদের মাঝে এক নতুন স্বপ্নের বীজ বপন করতে চেয়েছি—যে স্বপ্নটি হলো ইসলামের সুমহান আদর্শে উজ্জীবিত একটি শক্তিশালী ও নৈতিক যুব সমাজ গঠন করা। ইসলামী যুব মজলিস কেবল একটি সংগঠন নয়, এটি একটি আন্দোলনের নাম। আমাদের লক্ষ্য যুবকদের মাঝে দ্বীনি চেতনা ও দেশপ্রেম জাগ্রত করা এবং সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করা।

তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা স্বপ্ন দেখি এমন একটি সমাজের, যেখানে প্রতিটি যুবক হবে ইসলামের অতন্দ্র প্রহরী। ব্যক্তিগত জীবনের সকল কলুষতা ঝেড়ে ফেলে ইসলামী যুব মজলিসের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমিকে একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও নিরাপদ দেশ হিসেবে গড়ে তুলতে হবে। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে।

ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইনের সভাপতিত্বে ও জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, নাসিক ২১ নং ওয়ার্ড তত্ত্বাবধায়ক মারুফ পাটওয়ারী, ইসলামী যুব মজলিসের মহানগর সহ-সভাপতি সালাহউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সামসুর রহমান, জেলা সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ, সদর থানা সভাপতি শামীম আহমদ, ফতুল্লা থানা সভাপতি হাফেজ শরীফ হোসাইন, বন্দর থানা সভাপতি ইয়াসিন আরাফাত টিপু, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি আব্দুল্লাহ আল-মামুনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।