News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির কমিটি বিলুপ্ত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৬, ২০২৬, ১০:০০ পিএম নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির কমিটি বিলুপ্ত

নারায়ণগঞ্জে বেশ ঘটা করে শুরু হওয়া জাতীয় যুবশক্তি মাত্র ছয় মাসেই নিজেদের ব্যর্থতার পরিচয় দিয়েছে। নানান সম্ভাবনা, পরিকল্পনা ও স্বপ্নের কথা জানালেও ব্যর্থ হয়েছেন নেতারা। সেই ব্যর্থতা ঢাকতে খোদ দলের সদস্য সচিব মারধর করেছেন ছাত্রশক্তির নেতাকে। একদিকে নেতৃত্বে দুর্বলতা, অন্যদিকে বিতর্ক। উভয়ে মিলিয়ে এবার পুরো কমিটিই বিলুপ্ত করেছে জাতীয় যুবশক্তি।

বুধবার রাতে জাতীয় যুবশক্তির দপ্তর সম্পাদক আসাদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির কমিটি বিলুপ্ত করা হয়। সেই সাথে আরও ১১টি জেলার কমিটিও বিলুপ্ত করে যুবশক্তি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফরহাদ সোহেলের অনুমোদনক্রমে যুবশক্তির কমিটিসমূহ বিলুপ্ত করা হলো।

গত বছরের ১৪ অক্টোবর যুবশক্তির ৪২ সদস্যের জেলা আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটিতে আহবায়ক করা হয় সাকিল সাইফুল্লাহ এবং সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয় মোহাম্মদ নাসিমকে। বিশাল এই কমিটি রাজনীতিতে রাখতে পারেনি কোন উল্লেখযোগ্য কার্যক্রম। পরিবর্তনের বার্তা দিয়ে রাজনীতিতে আসা যুবকদের এই নেতৃত্ব কোন ভুমিকাই রাখতে সক্ষম হয়নি।

কর্মীরা জানায়, বিগত কমিটিতে শীর্ষ নেতা হওয়া ব্যক্তিরা পদ পেয়েছেন কেবল অর্থের জোর আর পরিচিতির সুপারিশে। জেলার শীর্ষ পদ দখল করে রাখলেও তাদের রাজনীতির মাঠে একেবারেই অচেনা। অথচ একই সময়ে এনসিপির মূল কমিটি ও ছাত্রশক্তির কমিটিত থাকা নেতৃবৃন্দরা ঠিকই নিজেদের অবস্থান তৈরী করে নিয়েছে। কমিটি গঠনের পর যুবকদের দক্ষ করে তোলার পরিকল্পনা জানিয়েছিলেন তারা। তথ্য প্রযুক্তি এবং এআই কেন্দ্রীক কোর্স চালু করবেন যুবক ও শিক্ষার্থীদের জন্য। যেন তরুনদের দক্ষ করে তুলে তাদের সম্ভাবনাময় কাজের জন্য প্রস্তুত করা যায়।

কিন্তু এত এত স্বপ্ন দেখানো যুবশক্তি ৬ মাসে একটি কর্মসূচীও বাস্তবায়ন করতে পারেনি। সাতদফা ইশতেহারের একটিও বাস্তবায়নে কোন অগ্রগামি ভুমিকা রাখেনি। এতেই পরিস্কার হয়ে যায় তাদের কার্যক্রম ও সাংগঠনিক দক্ষতার বিষয়টি। কর্মীরা দাবী তোলে বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি প্রনয়নের। আর সেই দাবীরই যেন বাস্তবায়ন হতে চলেছে এবার।