News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সদর ক্রীড়া সংস্থাকে খেলাধুলা আয়োজনের তাগিদ জেলা প্রশাসকের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৮:১৯ পিএম সদর ক্রীড়া সংস্থাকে খেলাধুলা আয়োজনের তাগিদ জেলা প্রশাসকের

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য ঘোষিত সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

এ সময় জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। সঙ্গে ছিলেন এডহক কমিটির সদস্য ও ক্রীড়াবিদ মো. সোহেল।

সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির নবগঠিত সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও সদস্যকে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, তরুণেরা ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করলে ক্রীড়াঙ্গনের কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব।

তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকেই খেলোয়াড়দের যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।

জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ ও বিকাশের উদ্যোগ নিয়েছে। এর ধারাবাহিকতায় সদর উপজেলা ক্রীড়া সংস্থাকেও নিয়মিত বিভিন্ন খেলাধুলার আয়োজন করতে হবে।

তিনি সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, আপনারা বেশি বেশি খেলাধুলার আয়োজন করুন। মাঠে খেলাধুলার পরিবেশ তৈরি হলে কিশোর ও তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব হবে।

সাক্ষাৎকালে সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং তরুণদের ক্রীড়ামুখী করার বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।