News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৮:৩১ পিএম বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ঝটিকা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) জোনাল বিক্রয় অফিস-বন্দর এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এই মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিল।

অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৮০০টি অবৈধ আবাসিক ও বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

চিরাইপাড়া, লাঙ্গলবন্দ অভিযানে এখানকার ৩০০টি ডাবল বার্নারের অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ৩৫০ ফুট বিভিন্ন মাপের এমএস পাইপ ও একটি ভাল্ব অপসারণ করা হয়।

চিরাইপাড়া, জাঙ্গাল - ঢাকা সিয়াম বেকারী এলাকাতে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে 'ঢাকা সিয়াম বেকারী'র মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই প্রতিষ্ঠানে ২টি ওভেন ও ২টি ডাবল বার্নার ব্যবহার করা হচ্ছিল। এ সময় ৩০ ফুট এমএস পাইপ ও একটি বুস্টার জব্দ করা হয়।

কেওডালা বাস স্ট্যান্ড এলাকায় প্রায় ৫ কিলোমিটার এলাকার আওতাধীন প্রায় ৫০০টি অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ১০ হাজার ৫শ ঘনফুট/ঘন্টা লোডের এই সংযোগের প্রায় ৭০ ফুট ৩ ইঞ্চি এমএস পাইপ অপসারণ করা হয়।

বিশেষ কার্যক্রম অভিযান চলাকালে স্পট-১ ও স্পট-২ এর অবৈধ বিতরণ লাইনের উৎসস্থল যা মাটির প্রায় ১৫ ফুট নিচে মূল ৪ ইঞ্চি লাইনের সাথে সংযুক্ত ছিল—তা সফলভাবে নষ্ট করে সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া, বিভিন্ন পয়েন্টে অবৈধ গ্যাস ব্যবহারে ব্যবহৃত প্রায় ২০০ ফুট হোস পাইপ কেটে বিনষ্ট করা হয়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, গ্যাস চোর চক্রের বিরুদ্ধে এবং সিস্টেম লস কমাতে বন্দর উপজেলায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।