News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

রাস্তা সংস্কারের দাবিতে নবীগঞ্জে বিক্ষোভ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৮:২৮ পিএম রাস্তা সংস্কারের দাবিতে নবীগঞ্জে বিক্ষোভ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ মোড়ে সড়ক সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে স্থানীয় এলাকাবাসী ও নবীগঞ্জ সিএনজি অটোরিকশা শ্রমিক-মালিক সমিতির নেতাকর্মীরা। এতে মদনগঞ্জ-মদনপুর ও নবীগঞ্জ-মুগরাপাড়া সড়কে যান চলাচল বন্ধ থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী নবীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে এ অবরোধ হয়।

অবরোধকারীদের দাবি, মদনগঞ্জ থেকে মদনপুর পর্যন্ত বন্দরের প্রধান সড়ক এবং নবীগঞ্জ থেকে মুগরাপাড়া পর্যন্ত সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়ক দ্রুত সংস্কারের দাবিতে এর আগেও কয়েক দফা অবরোধ করা হয়েছিল বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এর আগে সড়ক সংস্কারের দাবিতে তিনবার অবরোধ করা হলে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নারায়ণগঞ্জ-৫ আসনের রাজনৈতিক সচিব আবুল কাওসার আশা ঘটনাস্থলে গিয়ে দ্রুত সংস্কারের আশ্বাস দেন। পরে অবরোধ তুলে নেওয়া হয়।

স্থানীয়দের দাবি, গত ৬ জুলাই একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ৭ কোটি ৫৪ লাখ টাকার টেন্ডারের মাধ্যমে সড়ক সংস্কারের কাজ পায়। তবে এখনো সংস্কারকাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী ও পরিবহন শ্রমিকরা। তারা দ্রুত কাজ শুরু এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।