News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে রাজনীতির আড়ালে ভয়ঙ্কর নেতা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ১০:৩৭ পিএম সিদ্ধিরগঞ্জে রাজনীতির আড়ালে ভয়ঙ্কর নেতা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় জমি দখল করতে রাতের আঁধারে ভেকু দিয়ে বসতবাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলার আসামিদের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেওয়া, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও জমি দখলসহ বিভিন্ন অপকর্মে সম্পৃক্ত ছিলেন তাদের অনেকে। রাজনৈতিক পরিচয় ও প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় এসব কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন তারা।

ঘটনার পর ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন অভিযুক্তরা হলেন, সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার বাসিন্দা শাহিন ওরফে স্বর্ণকার শাহিন, আটি হাউজিং এলাকার মো. সজীব, জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির  সহ-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার আহবায়ক হাবিবউল্লাহ কাঁচপুরীর শ্যালক গোলাম মোস্তফা সুমন ওরফে সুমন মুন্সী, মুক্তিনগর এলাকার বিল্লাল, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. কাদের, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের আহবায়ক টিএইচ তোফার অনুসারী থানা শ্রমিকদল নেতা রবিন, শিমরাইল এলাকার মেহের আলী, মোহাম্মদ আলী, মো. সবুজ, রিদয়, শরীফ, স্থানীয় বিএনপি নেতা মনিরুল ইসলাম রবির ছেলে প্রিতম, যুবদল নেতা মাহাবুব, মাতুয়াইল এলাকার মো. জসিম। এদের মধ্যে প্রিতম, মাহাবুব, মো. কাদের নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের অনুসারী।

খোঁজ নিয়ে জানা যায়, মামলার আসামিদের মধ্যে শাহিন ওরফে স্বর্ণকার শাহিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। হাবিবউল্লাহ কাঁচপুরীর শ্যালক গোলাম মোস্তফা সুমন ওরফে সুমন মুন্সী জুলাই আন্দোলনের আগে বিএনপির রাজনীতিতে তেমন সক্রিয় না থাকলেও আন্দোলনের পর নিজেকে বড় বিএনপি নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করেন বলে স্থানীয়দের দাবি। তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগও রয়েছে।

মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. কাদেরের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে সজীবের নাম ব্যবহার করেও নানা অপকর্মে জড়িত তিনি। এর আগে একাধিকবার হীরাঝিল সমাজকল্যাণ সমিতিতে গিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। সিআইখোলা এলাকায় বসবাস করলেও হীরাঝিল এলাকায় একটি গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

একইভাবে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের আহবায়ক টিএইচ তোফার অনুসারী শ্রমিকদল নেতা রবিনের বিরুদ্ধে বাড়ি নির্মাণে চাঁদাবাজি ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগ করেছেন স্থানীয়রা। যুবদল নেতা মাহবুবের বিরুদ্ধেও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও দখলের অভিযোগ রয়েছে। একসময় জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের অনুসারী থাকলেও বর্তমানে তিনি সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নাম ব্যবহার করে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ।

এ ছাড়া স্থানীয় বিএনপি নেতা মনিরুল ইসলাম রবির ছেলে প্রিতমের বিরুদ্ধেও কিশোর গ্যাং ও মাদকসেবীদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তিনি সিদ্ধিরগঞ্জের আলোচিত টেনশন গ্রুপের সদস্য ছিলেন। এর আগে পুলিশ ও র‌্যাবের হাতে একাধিকবার গ্রেপ্তারও হয়েছেন। সিআইখোলা, মক্কীনগর ও হীরাঝিল এলাকায় মাদকসেবীদের আশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজেও করেন মাদকসেবন।

হীরাঝিলের বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকার ৪ নম্বর রোডের চা দোকানদার অহিদের ছেলে আলিফ, তরকারি কামালের ছেলে রনি, ফার্মেসি ব্যবসায়ী শফিকের ছেলে রাশেদিন, চা দোকানদার দ্বীন ইসলামের ছেলে নাহিদ ও জাহিদ, মঞ্জু খানের ছেলে মাজেদুল, ৩ নম্বর রোডের পিয়াসের ছেলে পিয়াল এবং বৈশাখী টেইলার্সের মালিক মিজানের ছেলে সামি মাদক সরবরাহসহ বিভিন্ন অপরাধে জড়িত। এলাকায় একাধিক কিশোর গ্যাং পরিচালনার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। স্থানীয়দের ভাষ্য, এসব কর্মকাণ্ডে তাদের আশ্রয়-প্রশ্রয় দিতেন প্রিতম, ছাত্রদল নেতা কাদের ও শ্রমিকদল নেতা রবিন।

এলাকাবাসীর ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এসব ব্যক্তির তৎপরতায় হীরাঝিলের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতার পাশাপাশি জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে স্বাভাবিক জীবনযাপনও কঠিন হয়ে উঠেছে।

এ অবস্থায় বসতবাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলাকে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটি সুযোগ হিসেবে দেখছেন স্থানীয়রা। তাই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।