News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে ইটভাটা মালিককে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৬:৫৪ পিএম বন্দরে ইটভাটা মালিককে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে বন্দরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোতালেব হোসেন (৫০) নামে এক ইটভাটা মালিককে কুপিয়ে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন ৫ জন আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলো বন্দরের শাসনের বাগ এলাকার মৃত আ. জলিলের ছেলে ইসমাইল (৪৯), একই এলাকার রমজানের ছেলে রাজু (২৭), মিনারবাড়ি এলাকার সেলিম মিয়ার ছেলে মো. সজিব (৩৫), বন্দরের হরিবাড়ি এলাকার বাহার উদ্দিনের ছেলে হোসাইন (৩০), শাসনের বাগ এলাকার আলী আহমদের ছেলে হাফেজ ওরফে হাবিব (৩১) ও মিনারবাড়ি এলাকার রফিকের ছেলে তানজিল (৩০)।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, রায় ঘোষণার সময়ে ৫ জন সাজাপ্রাপ্ত আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম মাসুম বলেন, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে ২০২১ সালের ৩১ আগস্ট রাতে বন্দর উপজেলার শাসনেরবাগ এলাকায় মসজিদে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোতালেবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় ওই বছরের ১ সেপ্টেম্বর নিহতের স্ত্রী মাকছুদা বাদী হয়ে ৮ জনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় আদালত এই রায় ঘোষণা করেছেন।

মামলার বাদী মাকছুদা আদালতের বারান্দায় ক্রন্দনরত অবস্থায় বলেন, আমি এই রায়ে সন্তুষ্ট নই। আমি হাইকোর্টে আপিল করবো। তারা আমার স্বামীকে মেরে ফেলেছে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। আমি আসামীদের ফাঁসি চাই।