নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা সমালোচনা সৃষ্টি করেছে। তবে শামীম ওসমানের এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর যেন তার রাজনীতির কফিনে শেষ পেরেক মেরে দিয়েছে। আবারও তিনি রাজনীতিতে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। রাজনীতিতে ফিরলেও তার অনুসারীরা শামীম ওসমানের সাথে থাকবেন কিনা তা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে।
সূত্র বলছে, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়। আর এই পতনের মধ্য দিয়ে আওয়ামী লীগের অন্যান্য নেতাদের মতো শামীম ওসমান দেশে ছেড়ে বিদেশে পাড়ি জমান। একই সাথে তার ঘনিষ্টনজনদের মধ্যেও অনেকেই দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন।
এরই মধ্যে আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানান দিতে থাকেন। আর তার এই দেশে ফেরা নিয়ে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা তোড়জোড় শুরু করে দিয়েছেন। একই সাথে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দেশেও ফিরে আসার ব্যাপারে জানান দিচ্ছেন। পাশাপাশি বিভিন্ন পর্যায়ের কর্মসূচি পালন করে যাচ্ছেন। সবমিলিয়ে দেশে থাকা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নানাভাবেই নিজেদের জানান দিতে শুরু করছেন।
এরই মধ্যে একটি লাইভ অনুষ্ঠানে এসে শামীম ওসমান বলেন, ‘আমি যখন কথা বলছি তখন আমি অসুস্থ। ক্যানসার হয়েছে। আমার ক্যানসার বলা হচ্ছে ফোর্থ স্টেজ। কয়দিন বাঁচব, আমি জানি না। তবে আমার আল্লাহর ওপর বিশ্বাস আছে, আমি বাঁচব। হয়তো অনেকে খুশি হতে পারেন’। কিন্তু তার এই বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে।
শামীম ওসমান অসুস্থ থাকতে পারে। তবে ক্যানসারে আক্রান্ত এটা যেন অনেকেই বিশ্বাস করতে চাচ্ছেন না। তাদের ধারণা শামীম ওসমান হয়তো রাজনৈতিক স্ট্যান্ট ধরে রাখতেই এই ক্যান্সারে আক্রান্তের কথা বলছেন। কিন্তু রাজনৈতিক স্ট্যান্টবাজি করতে গিয়ে শামীম ওসমান যেন নিজেই নিজের রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন।
নেতাকর্মীরা মনে করছেন শামীম ওসমান দেশে না ফেরার জন্যই এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা বলছেন। একই সাথে ক্যান্সারে আক্রান্ত ফোর্থ স্টেজের ব্যক্তি কখনও স্বাভাবিক থাকার কথা না। তার শরীরের বিভিন্ন লক্ষণই বলে দিবে তিনি ক্যান্সারে আক্রান্ত। কিন্তু শামীম ওসমানের ক্ষেত্রে এরকম কোনো লক্ষণই পরিলক্ষিত হয়নি। ফলে নেতাকর্মীরা ধরেই নিয়েছেন; তাকে যেন দেশে ফিরতে না হয় এজন্যই তিনি ক্যান্সারে আক্রান্ত এবং ফোর্থ স্টেজের কথা বলছেন। আর তিনি যদি দেশে ফিরতে না পারেন তাহলে শামীম ওসমানের অনুসারীরা ভোল পাল্টাবে। তার অনুসারীরা অন্য নেতাদের নেতৃত্বে চলে যাবে। যারা অনুসারীদের ছায়া হিসেবে সঙ্গ দিবেন তাদের কাছেই নেতাকর্মীরা ভিড়বেন।
সেদিনে লাইভে শামীম ওসমান বলছেন, আমার আমলে বিএনপির একটা নেতাকর্মীর গায়ে আঁচ পড়েনি। আমরা সবাইকে দেখে রেখেছিলাম নেত্রীর নির্দেশেই। আমরা প্রতিশোধ নেইনি। সকলে ওপেন ছিল। ওরা যারা আছে এখন, বুকে হাত দিয়ে ওরা যদি মুসলমান হয়ে থাকে কোরআনে হাত দিয়ে বলুক, আর হিন্দু হয়ে থাকলে গীতায় হাত দিয়ে বলুক আমরা টাচ পর্যন্ত করিনি তাদেরকে। কিন্তু তাদের রূপটা আমরা দেখছি।
তিনি বলেন, আমি বক্তব্যে জামায়াত-বিএনপিকে আমি কোনো সময় ছাড় দিয়ে কথা বলিনি। আইভী তো এই জায়গাটাও, এই অপরাধটাও করেনি। সে কিন্তু বিএনপি-জামায়াত নিয়েও কোনো কথা বলেনি। ও মেয়র হওয়ার পরে পরেই বলেছে যে আমি সবার মেয়র। আমি বিএনপিরও মেয়র, জামায়াতের মেয়র, সবার মেয়র। এইটুকু অপরাধও কিন্তু সে করেনি যে বিএনপিকে আঘাত করে কথা বলেছে, জামায়াতকে আঘাত করে কথা বলেছে, এজন্য তাকে প্রতিশোধ নিতে হবে। দেখেন ওরা ঠিক জানে কাকে কী করতে হবে। ঠিকই ওকে যে নিয়েছে, নয় মাস জেল খাটিয়েছে, আর ছোট ভাইটা মারা গেছে তখন তার কয়েক দিন আগে। এবং স্বাভাবিকভাবেই এইবার এই বড় মেয়ে সে, তার উপরে রেসপন্সিবিলিটি অনেক।
একই বক্তব্যে শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জ সত্যিকারে গোপালগঞ্জের চেয়ে শক্তিশালী ছিল। আমাদের ভুলে আমি বলব কেন্দ্রেরও ভুল আছে। কেন্দ্রে বেশি ভুল আছে। এই ডিভাইড অ্যান্ড রুল-এই খেলাটা অনেক খারাপ খেলা। হ্যাঁ, এই জায়গাটা থেকে বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং একটা সময় কিন্তু মুভমেন্ট করেছে নারায়ণগঞ্জে। এটা বঙ্গবন্ধুর বইতে বারবার লেখা আছে কিন্তু আত্মজীবনীতে। নেত্রীও বলেছেন ঢাকায় নারায়ণগঞ্জের মিছিল শামীম মিছিলে আসার পর্যন্ত আমি ওয়েট করতাম। আজকে ওই জায়গাটা এরকম হলো কেন? হলো এই কারণে যে কোটাভিত্তিক রাজনীতি আর পকেট কমিটি করা। এই যে পকেট কমিটি আর কোটাভিত্তিক রাজনীতি-এখনো এটা চলতেছে কিন্তু।
তিনি আরও বলেন, আমার মহানগর আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি খোকন সাহেব মারা গেছেন। সারাটা জীবন সে দলের জন্য জান দিয়ে গেছে, তার লাশটা তারা নিয়েও যায়নি। কে এখন সেক্রেটারি হবে? এখন হচ্ছে যুদ্ধ করার সময়, এখন সেক্রেটারি কে হবে এটা নিয়ে চলতেছে আবার ভেজাল।
তবে তার সকল বক্তব্য নেতাকর্মীরা স্বাভাবিক নিলেও ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি যেন স্বাভাবিকভাবে নিতে পারছেন না। বরং শামীম ওসমানের এই বক্তব্য নেতাকর্মীদের মাঝে নেতিবাচক প্রতিক্রিয়াই সৃষ্টি করেছে।
জানা যায়, একসময় নারায়ণগঞ্জ-৪ আসনের রাজনীতিতে শামীম ওসমানের উপস্থিতিই ছিল অন্যতম আলোচিত বিষয়। দলীয় কর্মসূচি থেকে শুরু করে স্থানীয় রাজনীতির নানা সমীকরণে তাঁর অবস্থান নিয়ে আলোচনা থাকত। তাঁর বক্তব্য, রাজনৈতিক কর্মকান্ড এবং অনুসারীদের তৎপরতা ঘিরে প্রায়ই উত্তপ্ত হয়ে উঠত নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গন।
কিন্তু ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই দৃশ্যপট বদলে যায়। দেশের বাইরে অবস্থান নেওয়ার পর নারায়ণগঞ্জের রাজনীতিতে তাঁর সরাসরি উপস্থিতি আর নেই। বদলে গেছে স্থানীয় রাজনৈতিক সমীকরণও। একসময় তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অনেক নেতাকর্মী এখন ভিন্ন বাস্তবতায় নিজেদের রাজনৈতিক অবস্থান ঠিক করছেন। কেউ প্রকাশ্যে সক্রিয়, কেউ রয়েছেন অনেকটা নীরবে।
তারপরও শামীম ওসমানের নাম নারায়ণগঞ্জের রাজনৈতিক আলোচনায় বারবার ফিরে আসছে। বিশেষ করে বিদেশের মাটিতে তাঁর সাম্প্রতিক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে। দেশে না থেকেও তিনি কী বার্তা দিচ্ছেন, কার উদ্দেশে কথা বলছেন এবং তাঁর বক্তব্যের রাজনৈতিক প্রভাব কতটা তা নিয়ে আলোচনা চলমান রয়েছে। একই সাথে আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া কতটা কর্মীবান্ধন নেতার পরিচয় বহন করে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে।






















(44)-20261120153333.jpg)














আপনার মতামত লিখুন :