নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে রাতের আঁধারে খননযন্ত্র (ভেকু) দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
ঘটনার সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ফোন ধরেননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে আটক কিংবা বাড়িঘর ভাঙচুরে ব্যবহৃত ভেকু জব্দ করা হয়নি বলেও দাবি তাঁদের।
পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
এ ছাড়া চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ আমলে না নিয়ে দুর্বল ধারায় মামলা নেওয়ার অভিযোগও করেছেন বাদী।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম বাবুলসহ অনেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন। তাঁদের প্রশ্ন, ভেকুটি কে বা কারা কোথা থেকে ভাড়া করেছিল, কার নেতৃত্ব ও অর্থায়নে এ ঘটনা ঘটেছে এবং সিসিটিভি ফুটেজে দেশীয় ধারালো অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের শনাক্ত করা হয়েছে কি না।
ভুক্তভোগী ও মামলার বাদী সুলতানা বেগমের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানার এসআই ওলিউল্লাহ ও এএসআই আব্দুর রাজ্জাক প্রধান অভিযুক্ত স্বর্ণকার শাহিন আলমের সঙ্গে ম্যানেজ হয়ে ওসিকে ম্যানেজ করেছেন। এ কারণে ঘটনার সময় ওসি ফোন রিসিভ করেননি বলে তাঁর দাবি। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণের কথা তিনি উল্লেখ করেননি।
সুলতানার ভাষ্য, ঘটনার সময় বারবার ফোন করেও পুলিশের তাৎক্ষণিক সহায়তা পাননি তাঁরা।
বাড়িঘর ভাঙার শেষ পর্যায়ে এসআই তারেক সুমনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু কাউকে আটক করা হয়নি, ভেকুটিও জব্দ করা হয়নি।
তাঁর অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই সন্ত্রাসীরা বাড়িঘর ভাঙচুর ও মালামাল লুটপাট করে। এমনকি ভাড়াটিয়া স্বর্ণকার শাহিন আলমের পা ধরে বেকারির মালামাল সরানোর জন্য ১০ মিনিট সময় চাইলেও তিনি সময় দেননি।
মামলার বাদী আরও বলেন, তাঁরা চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ করলেও পুলিশ সেগুলো আমলে নেয়নি। বরং দুর্বল আইনের ধারায় মামলা নেওয়া হয়েছে। এতে আসামিরা সহজেই জামিন পেয়ে যেতে পারেন বলে আশঙ্কা করছেন তাঁরা। ফলে পরিবারটি এখন ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারের সদস্যরা।
তবে পুলিশের ঘটনাস্থলে পৌঁছানোর সময় নিয়ে ভুক্তভোগীর অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন এসআই তারেক সুমন। ঘটনার রাতে সিদ্ধিরগঞ্জ থানার স্পেশাল-৩ টিমের দায়িত্বে থাকা এই কর্মকর্তা বলেন, ফোন পাওয়ার ১০ মিনিটের মধ্যেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। তখন সময় ছিল ভোর ৫টা থেকে ৫টা ১০ মিনিটের মধ্যে। সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বেকু জব্দের বিষয়ে তিনি বলেন, ভুক্তভোগীরা ভয়ে আতঙ্কে ঘটনাস্থলে ছিলেন না। কেউ তাঁদের বেকু আটকানোর অনুরোধও করেননি। ঘটনাস্থলে গিয়ে তাঁরা বেকু পাননি।
ওসি মোহাম্মদ এমদাদুল হকও ফোন না ধরার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ফোন পাওয়ার পরপরই পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রধান আসামি শাহিন আলম থানার পাশে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। প্রধান আসামিসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও মামলার এক নম্বর আসামি স্বর্ণকার শাহিন আলম ও শ্রমিক দল নেতা রবিনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে ভুক্তভোগী পরিবারের দায়ের করা মামলাকে ষড়যন্ত্রমূলক দাবি করে গত ২৫ নভেম্বর বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার পাশের এসও রোড এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন শাহিন আলম।
ঘটনার পর থেকে ভেুকু জব্দ, সিসিটিভি ফুটেজে অস্ত্রধারীদের শনাক্ত, পুলিশের ঘটনাস্থলে পৌঁছানোর সময় এবং দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল কি না এসব প্রশ্নের স্পষ্ট উত্তর চান ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। পাশাপাশি মামলায় অভিযোগ অনুযায়ী যথাযথ ধারা সংযোজন, নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।


















(44)-20261120153333.jpg)
















আপনার মতামত লিখুন :