News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে বায়ুদূষণের দায়ে দুই স্টিল মিলকে ৩ লাখ টাকা জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৭:০৩ পিএম রূপগঞ্জে বায়ুদূষণের দায়ে দুই স্টিল মিলকে ৩ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বায়ুদূষণের দায়ে ভূলতা আউখাব এলাকার ‘হাইটেক স্টীল মিলস’ এবং ‘আর বি কন-কাস্ট এন্ড রি-রোলিং মিলস (প্রা:) লিমিটেড’-কে দেড় লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা ও রূপগঞ্জ থানা পুলিশের একটি দল অংশ নেয়। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার।

অভিযান সূত্রে জানা যায়, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘন করে পরিবেশ দূষণ করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারায় দুটি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো রূপগঞ্জের ভূলতা ইউনিয়নের আউখাব এলাকার ‘হাইটেক স্টীল মিলস’ এবং একই এলাকার ‘আর বি কন-কাস্ট এন্ড রি-রোলিং মিলস (প্রা:) লিমিটেড’। প্রতিষ্ঠান দুটিকে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয় জানিয়েছে, জেলার পরিবেশ রক্ষায় এবং বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।