News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয়ে মা হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৬:৫৮ পিএম সোনারগাঁয়ে মা হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার দায়ে মা হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড আদায় করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তালতলা এলাকার ওই হাসপাতালে অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধের উপস্থিতি পাওয়া যায়। এছাড়া হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেখাতেও ব্যর্থ হয় কর্তৃপক্ষ। এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি বলেন, "জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা নিয়মিত তদারকি করছি। অভিযানে হাসপাতালটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও পরিবেশ ছাড়পত্র না থাকার প্রমাণ পাওয়ায় ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে উপজেলার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল আহমেদ বলেন, সরকারি নিয়ম মেনে নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। কোনো বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ কিংবা প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযান চলাকালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান দিগন্তসহ সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।