News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

সোনারগাঁয়ে চাঞ্চল্যকর উমায়ের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৭:৫৫ পিএম সোনারগাঁয়ে চাঞ্চল্যকর উমায়ের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বহুল আলোচিত উমায়ের হত্যা মামলার প্রধান আসামি ও একাধিক হত্যা, অস্ত্র, মাদক এবং সন্ত্রাসী ফারুক হোসেনকে অবশেষে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার গভীর রাতে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চিরকিশোরগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে শনিবার সকালে তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হলে পুলিশ আদালতে প্রেরণ করে। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র, পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ফারুক হোসেন দীর্ঘদিন ধরে শম্ভুপুরা, হোসেন্দী ও আশপাশের এলাকায় ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, দখলবাজি ও নদীপথে অবৈধ কারবার নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। এলাকায় তার নাম উচ্চারণ করতেও সাধারণ মানুষ ভয় পেত বলে দাবি স্থানীয়দের।

অভিযোগ রয়েছে, গত বছরের ২৪ ডিসেম্বর  ফারুক তার সহযোগী সোহাগ ও বায়েজিদকে সঙ্গে নিয়ে উমায়ের নামে এক যুবককে ফোন করে ডেকে নেয়। পরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ মেঘনা নদীতে ফেলে দেওয়া হয়। নিখোঁজের তিনদিন পর মুন্সীগঞ্জ নৌ-পুলিশ নদী থেকে উমায়েরের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মা আনার কলি প্রথমে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তদন্তের ভিত্তিতে সেটি হত্যা মামলায় রূপ নেয়।