গ্রাম আদালত সেবা নিশ্চিতকরণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সদিচ্ছা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সদিচ্ছাই নিশ্চিত করতে পারে গ্রাম আদালতের সেবা। তাদেরকে গ্রাম আদালত আইন ২০০৬ এর মাধ্যমে প্রদান করা হয় বিচারিক ক্ষমতা। তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের গ্রাম আদালতের কার্যক্রমকে দায়িত্ব নিয়ে সম্পন্ন করা উচিত। অল্প সময়ে, স্বল্প খরচে স্থানীয় পর্যায়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিতে গ্রাম আদালত উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।
সোমবার (১৮ মে) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম অর্ধ-বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের গ্রাম আদালতের এখতিয়ারাধীন মামলাসমূহে সালিশের মাধ্যমে বিচার পরিহার করতে হবে। গ্রাম আদালত দেশের আইন ও বিধিমালা পরিচালিত একটি আদালত। এই আদালতে কোন আইনজীবীর প্রয়োজন পড়ে না। আবেদনকারী এবং প্রতিবাদী পক্ষের দুইজন সদস্য নিয়ে এই আদালত গঠিত হয় বিধায় এখানে পক্ষপাতিত্বের সম্ভাবনা নাই বললেই চলে। ইউনিয়ন পরিয়দ ন্যায় ও সততার সাথে কাজ করলে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায় বিচার প্রাপ্তিতে গ্রাম আদালত উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।
স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এর আয়োজনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার শাখা নিলুফা ইয়াসমিন। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নিয়মিত মনিটরিং এর মাধ্যমে গ্রাম আদালতকে আরো শক্তিশালী করা হবে। স্থানীয় মানুষ নিজেদের ছোটখাট বিরোধ ইউনিয়ন পরিষদে নিষ্পত্তি করতে পারলে জেলা আদালতে মামলার চাপও কমবে।
সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সিফাত উদ্দীন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাচিস্ট্রেট কাফী বিন করিম।
জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার তারিকুল ইসলামের সঞ্চালনায় জেলার জুলাই ২০২৪- এপ্রিল ২০২৬ গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জসমূহ এবং শিক্ষণীয় দিকসমূহ পর্যালোচনা এবং করণীয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ফিরোজা বেগম ঝুমুর, জেলা ম্যানেজার, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প। উপজেলা সমাজ সেবা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় নারায়ণগঞ্জ জেলার ৩৯ টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।






































আপনার মতামত লিখুন :