News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

প্রশাসনের মতামতের অপেক্ষায় আটকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৯:৫২ পিএম প্রশাসনের মতামতের অপেক্ষায় আটকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধির প্রস্তাব চেয়ে চিঠি দেয়া হয়েছিলো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। সেসময় জেলা প্রশাসকের কাছে এই প্রস্তাবনা চিঠি পাঠানো হয়। জেলা প্রশাসকের পক্ষ থেকে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে চিঠি দিয়ে এর সম্ভাব্যতা যাচাই এর নির্দেশ দেয়া হয়। গত বছরের সেপ্টেম্বরে ইস্যুকৃত এই চিঠির আনুষ্ঠানিক রিপোর্ট এখনও জমা দেয়নি প্রশাসক। যার ফলে এখনও আটকে আছে সিটি করপোরেশন সম্প্রসারণ প্রক্রিয়া।

গত বছরের ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার আয়তন বৃদ্ধির জন্য প্রস্তাবনা পাঠানো হয়। ৬ অক্টোবর নারায়ণগঞ্জের বন্দর, সোনারগাঁ ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাদের বরাবর চিঠি দেয় জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ। যেই প্রস্তাবনায় যুক্ত করার সুপারিশ করা হয়েছে সদর উপজেলার গোগনগর, এনায়েতনগর, কাশিপুর, ফতুল্লা এবং কুতুবপুর ইউনিয়নের একাংশ (লিংক রোডের পুর্ব অংশ)। বন্দর উপজেলার কলাগাছিয়া, বন্দর, মুছাপুর, ধামগড়, মদনপুর ইউনিয়ন। সোনারগাঁ উপজেলার কাচপুর ইউনিয়নের একাংশ (ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দক্ষিন অংশ)।

তবে এই চিঠির পর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাসিন্দারা আন্দোলন করে পুরো কুতুবপুরকে সিটি করপোরেশনে যুক্ত করার দাবী তোলেন। আন্দোলনের প্রেক্ষিতে ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু এক চিঠিতে পুরো ইউনিয়নকে সিটিতে অন্তর্ভুক্ত করার সুপারিশ করে চিঠি প্রদান করেন এবং অনাপত্তি দেন। তবে বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন এবং সোনারগাঁ উপজেলার কাচপুর ইউনিয়নের একাংশকে অন্তর্ভুক্তি নিয়ে পাল্টাপাল্টি অবস্থান রয়েছে স্থানীয়ভাবে।

সদর উপজেলার কুতুবপুর, ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুরকে সিটিতে যুক্ত করার দাবী দীর্ঘদিনের। সেপ্টেম্বরে পাঠানো প্রস্তাবনা কোন পর্যায়ে আছে তা জানতে চেয়ে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর চিঠি দেন নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি আবদুল্লাহ আল আমিন।

তার সেই চিঠির জবাবে জানানো হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা পরিবর্তনের জন্য মতামত প্রদানের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে পত্র পাঠানো হয়। পাঠানো কিন্তু জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ পত্র পেয়েও এখন পর্যন্ত কোন মতামত প্রেরণ করেনি। সেখান থেকে মতামত প্রেরণ করা হলে ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর, কাশিপুর ইউনিয়নসহ বন্দর উপজেলার বন্দর, ধামগড়, মুছাপুর, মদনপুর, মদনগঞ্জ ও কাচপুর অংশ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে যুক্ত করার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা সম্ভব।