News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

ঘারমোড়ায় ময়লার ভাগাড়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৯:১৪ পিএম ঘারমোড়ায় ময়লার ভাগাড়

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘারমোড়া এলাকায় জনস্বাস্থ্যের চরম অবনতি ঘটেছে।

স্থানীয় কবরস্থান, ঈদগাহ, বিশ্বনবী ইসলামিয়া আলিম মাদরাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার ঢালে স্তূপ করে রাখা ময়লা-আবর্জনা এবং পাশের পুকুরে কচুরিপানার ঘন আবরণে এলাকাটি এখন মশার নিরাপদ প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে যত্রতত্র ফেলা হচ্ছে গৃহস্থালি ও বাজারের বর্জ্য। পচা আবর্জনার তীব্র দুর্গন্ধে ওই পথ দিয়ে চলাচল করা দায় হয়ে পড়েছে। বিশেষ করে মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন নাকে রুমাল দিয়ে এই পথ অতিক্রম করতে বাধ্য হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে ময়লা জমতে থাকলেও তা অপসারণে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

রাস্তার পাশের পুকুরটি এখন আর চেনার উপায় নেই। পুরো পুকুর কচুরিপানা ও আগাছায় সয়লাব হয়ে আচে। পঁচা পানি আর ঝোপঝাড়ের কারণে সেখানে এডিসসহ নানা প্রজাতির মশার উপদ্রব ভয়াবহ রূপ নিয়েছে। এরই মধ্যে স্থানীয় স্কুল ও মাদরাসার বেশ কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গুসহ বিভিন্ন চর্মরোগ ও পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানের পাশে এমন অস্বাস্থ্যকর পরিবেশ কোনোভাবেই কাম্য নয় বলে মনে করছেন সচেতন মহল।