ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধি করে ৫০ টাকা থেকে ৫৫ টাকা করা কে অযৌক্তিক বলে দাবি করেছেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। পাশাপাশি ছাত্রদের জন্য নির্ধারিত হাফ পাস ভাড়া ৫টাকা বৃদ্ধির বিষয়টি অযৌক্তিক দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।
ছাত্রদের দাবি, ছাত্রদের জন্য ভাড়া হাফ করা হয়। সেক্ষেত্রে ভাড়া ৫৫টাকা হলে হাফ ভাড়া হওয়ার কথা ২৭ থেকে ২৮ টাকা। সেখানে আগেই ৩০ টাকা নেওয়া হতো। সাধারণ যাত্রীদের ভাড়া ৫ টাকা বৃদ্ধির সাথে সাথে ছাত্রদের ভাড়াও ৫টাকা বৃদ্ধি করা হয়েছে যা পুরোপুরি ভাবে অযৌক্তিক। দ্রুত এই বর্ধিত ভাড়া প্রত্যাহার করতে হবে।
এদিকে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ভাড়া সর্বোচ্চ ২ টাকা বৃদ্ধি করা যেতো। ৫টাকা বৃদ্ধি করা সম্পূর্ন অযৌক্তিক। নারায়ণগঞ্জ থেকে ঢাকার দুরত্ব ১৭ কিলোমিটার। সেক্ষেত্রে ৪ টাকার মত বৃদ্ধি করা যেতে পারতো। আমরা দাবি করি তেলের দাম বৃদ্ধির অযুহাতে যেহেতু বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছে সেহেতু তেলের দাম কমার সাথে সাথে অবশ্যই যেন ভাড়া আবারো কমিয়ে দেওয়া হয়।
ছাত্রদের ভাড়া বৃদ্ধি করার ব্যাপারে তিনি বলেন, এই বিষয়টি অবশ্যই আপত্তির জায়গা। অন্তত ২ টাকা বৃদ্ধি করা যেতে পারতো। আর ছাত্রদের ভাড়া সর্বোচ্চ ২৭টাকা হতে পারে। এটা অবশ্যই ছাত্রদের সাথে অন্যায় করা হচ্ছে।
এ ব্যাপারে ডিসি সম্মেলন শেষে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবিরের সাথে তারা আলোচনায় বসবে বলেও জানান।
এদিকে ৫ টাকা বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর এর যুগ্ম সদস্য সচিব তাহমিদ আনোয়ার।
তাহমিদ আনোয়ার এক বিবৃতিতে জানান যে, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫ টাকা বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক এবং এটি সাধারণ যাত্রীদের উপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে।
তিনি বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এ ধরনের সিদ্ধান্ত সাধারণ মানুষ বিশেষ করে শিক্ষার্থী ও নি¤œআয়ের মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হবে। কোনো প্রকার জনস্বার্থ বিবেচনা না করে এভাবে ভাড়া বৃদ্ধি গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, অবিলম্বে এই অযৌক্তিক ভাড়া বৃদ্ধি প্রত্যাহার করতে হবে এবং গণপরিবহন খাতে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত বিবেচনা করতে হবে।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া বাড়িয়ে জনদুর্ভোগ বাড়ানো হয়েছে। অবিলম্বে ৫ টাকা বৃদ্ধি ভাড়া প্রত্যাহার করতে হবে।
এ ব্যাপারে ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মাহফুজ বলেন, ছাত্রদের কাছ থেকে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে এটা অযৌক্তিক। আগে যখন শামীম ওসমান ছিল তখন তাকে টিকিট প্রতি ৩ টাকা দিতে হতো শুনেছি। তাই এই রুটে ভাড়া এতো বেশি ছিল। এখন তো আর শামীম ওসমান নেই। এখন তারা কাকে টাকা দেয় সেটা বাস মালিকেরা খোলা ভাবে বলুক। এর আগে আমরা অযৌক্তিক বাস ভাড়া নিয়ে আন্দোলন করেছি। এবারেও আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করবো।
এ ব্যাপারে ছাত্র অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি আক্তারুজ্জামান রাজু বলেন, আমরা অবিলম্বের এ ব্যাপারে কর্মসূচি দিবো। ইতোমধ্যে আমরা অন্যান্য ছাত্রসংগঠন গুলোর সাথে যোগাযোগ করতেছি সবাইকে নিয়ে বাস মালিক সমিতির সাথে আলোচনায় বসার জন্য। আমরা এই ভাড়া প্রত্যাহার চাই।
নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সিফাত জানান, ৫ আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ডিসি মহোদয়ের হস্তক্ষেপে বাস মালিক সমিতি ছাত্র ছাত্রীদের জন্য হাফ পাসের ব্যবস্থা করে কিন্তু সম্প্রীতি কালে দেখা যায় তেলের দাম বৃদ্ধির ফলে বাস মালিক কর্তৃপক্ষ পূর্বে যেখানে হাফপাসের নাম করে ৬০শতাংশ ভাড়া আদায় করতো সেখানে তেলের দাম বৃদ্ধির ফলে তাঁরা ৬৪শতাংশ মূল্য আদায়ের ঘোষণা দেয় যেটা সম্পুর্ণ রূপে অন্যায়। নারায়নগঞ্জ কলেজ ছাত্রদল তাদের এই সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাই।
ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক অপূর্ব রায় বলেন কোনো যৌক্তিক কারণ ছাড়াই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসের ভাড়া ৫ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত সাধারণ যাত্রী, বিশেষ করে শিক্ষার্থী এবং নি¤œআয়ের মানুষের ওপর চরম অর্থনৈতিক বোঝা চাপিয়ে দেবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে যাতায়াত খরচ বৃদ্ধি সাধারণ মানুষের কষ্টের সাথে এক নিষ্ঠুর পরিহাস।"
শিক্ষার্থীদের সমস্যার কথা উল্লেখ করে অপূর্ব রায় আরও বলেন, "দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা গণপরিবহনে হাফ পাশের দাবি জানিয়ে আসলেও তা কার্যকর করা হচ্ছে না। উল্টো নতুন করে ভাড়া বাড়িয়ে শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও সংকটাপন্ন করে তোলা হয়েছে। আমরা দাবি জানাই, অবিলম্বে এই বর্ধিত ভাড়া প্রত্যাহার দাবি জানাই।
এদিকে, ভাড়া বৃদ্ধির ব্যাপারে উৎসব পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক কাজল সত্যতা স্বীকার করে বলেন, ১ মে থেকে বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এর আগে জেলা প্রশাসক আমাদের বাস ভাড়া ৫৫ টাকা থেকে ৫ টাকা কমিয়ে ৫০ টাকা করে দিয়েছিলেন। আমরা সেই ৫টাকাই বৃদ্ধি করেছি।
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির কারণে সমন্বয় করা বাস ভাড়ার সাথেই এই ভাড়া বৃদ্ধি কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, হ্যা সেই হিসেবেই বৃদ্ধি করা হয়েছে। ওই হিসেবে বাস ভাড়া আসে ৫৮ টাকা। কিলোমিটার প্রতি ২টাকা ৫৩ পয়সা, নারায়ণগঞ্জ থেকে ঢাকার দুরত্ব ২০ কিলোমিটার, সেই সাথে জনপ্রতি ৫ টাকা ফ্লাইওভারের টোল হিসেব করলে ভাড়া দাঁড়ায় ৫৮ টাকা। কিন্তু এখন পরিস্থিতি ভাল না পাশাপাশি নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালাম ভাইয়ের ছেলে আবুল কাউসার আশা এবং নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান এর অনুরোধে আমরা ৫৮ টাকা না করে ৫৫ টাকা রেখেছি।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে গণপরিবহনের ভাড়া কিলোমিটার প্রতি ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত দেওয়া হলে ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধি পেয়েছে জনপ্রতি ৫টাকা।
জানা গেছে, গত ১ মে থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বন্ধন ও উৎসব সহ সকল পরিবহনের ভাড়া বৃদ্ধি করে ৫০ টাকা থেকে ৫৫ টাকা করা হয়েছে।
এর আগে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির কারণে বাস মালিকদের সাথে বৈঠক করে সরকারের পক্ষ থেকে কিলোমিটার প্রতি ১১ পয়সা ভাড়া সমন্বয় করার সিদ্ধান্ত দেওয়া হয়। ফলে কিলো মিটার প্রতি ২ টাকা ৪২ পয়সা থেকে ১১ পয়সা বৃদ্ধি হয়ে ভাড়া নির্ধারিত হয় কিলোমিটার প্রতি ২ টাকা ৫৩ পয়সা। সেই সাথে বাস মালিক কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ থেকে ঢাকার দূরত্ব ২০ কিলোমিটার দাবি করলেও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির দাবি দূরত্ব ১৭ কিলোমিটার। অপরদিকে বর্ধিত ভাড়া হিসেবে ছাত্রদের ভাড়া হয় হাফ পাস হিসেবে ২৭/২৮ টাকা সেখানে নেয়া হচ্ছে ৩৫ টাকা।




































আপনার মতামত লিখুন :