News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৯ মে, ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে বিয়ের অনুষ্ঠানে হামলা, মারধর অভিযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৯:২৬ পিএম সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে বিয়ের অনুষ্ঠানে হামলা, মারধর  অভিযোগ

সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২নং ঢাকেশ্বরী এলাকায় শুক্রবার রাতে চাঁদার দাবিতে একটি বিয়ের অনুষ্ঠানে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলাকারীদের মারধরে অন্তত ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় শনিবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী লিমা আক্তার। অভিযুক্তরা হলো, একই এলাকার লিটনের ছেলে মৃদুল (২৩), মাহির (২০), মৃত ওয়াহাব মাস্টারের ছেলে লিটন (৫২), মৃত আফাজ উদ্দিনের ছেলে বকুল (৪০), রওশন (৪৫), আকলিমা (৪৮), আরাফাত (৩৬) এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন।

অভিযোগে জানা যায়, শুক্রবার রাতে বাদীর চাচা হেলাল উদ্দিনের বাড়িতে তার মেয়ের বিয়ের অনুষ্ঠান চলাকালে অভিযুক্তরা সেখানে গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা হেলাল উদ্দিনকে গালিগালাজ ও মারধর শুরু করে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে বাদীসহ স্বজনদের ওপর হামলা চালানো হয়।হামলায় আহত হন আকলিমা (৩৬), সাদমান (১১), টুটুল (২৮) ও লিমা আক্তার। লাঠিসোটা ও ইট-পাটকেলের আঘাতে আকলিমার মাথা ফেটে যায়। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় হামলাকারীরা ১ ভরি ৪ আনা ওজনের একটি স্বর্ণের চেইন এবং ৮ আনা ওজনের আরেকটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় হেলাল উদ্দিনের ভাতিজি লিমা আক্তার ৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।