News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৮ মে, ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

পাটোয়ারীর উপস্থিতিতে মসজিদে হুড়োহুড়ি, গ্লাস ভেঙে আহত ৫


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৯:২৬ পিএম পাটোয়ারীর উপস্থিতিতে মসজিদে হুড়োহুড়ি, গ্লাস ভেঙে আহত ৫

জাতীয় নাগরিক পাটির্র (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর উপস্থিতিকে কেন্দ্র করে অনুসারীদের হুড়োহুড়িতে মসজিদের ফটকের কাঁচের গ্লাস ভেঙে ৫ জন মুসল্লি আহত হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে।

এসময় মসজিদের ফ্লোরে রক্তের ছোপ ছোপ দাগ দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। এদিন নাসির উদ্দিন পাটোয়ারী মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমআর নামাজ আদায় করেন। সেই সাথে তিনি জুমআর নামাজের খুৎবা শুরুর পূর্বে বক্তব্য রাখেন।

এসময় নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সাম্প্রতিক সময়ে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হয়েছে। এটা একটা গেরুয়া পতাকা। এই গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে। মুসলমানরা যদি সজাগ না থাকে, যদি ঈমানী শক্তি না থাকে তাহলে কিন্তু এই পতাকা আমরা ঠেকাইতে পারবো না। গত ১৫ বছরে অনেক আলেমের ওপরে নির্যাতন হয়েছে। অনেক মানুষ অনেক কষ্টে ছিলো।

তিনি আরও বলেন, আমরা সবাই যদি একটি কাঠামো তৈরি করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ নতুনভাবে পরিবর্তন হবে। সমাজ পরিবর্তনে মসজিদভিত্তিক সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। মসজিদের সঙ্গে স্কুল, হাসপাতাল ও সমাজকল্যাণমূলক কার্যক্রম যুক্ত করা গেলে অসহায় মানুষ সহজে শিক্ষা, চিকিৎসা ও সহযোগিতা পাবে।

এদিকে মুসল্লিদের সাথে কথা বলে জানা যায়, নাসির উদ্দিন পাটোয়ারীর উপস্থিতিকে কেন্দ্র করে তার অনুসারীদের মধ্যে কোনো শৃঙ্খলা ছিলো না। তারা মসজিদের ভিতরেই স্লোগান দেন। এক পর্যায়ে বের হওয়ার সময় তার অনুসারীদের ধাক্কাধাক্কিতে মসজিদের গ্লাস ভেঙ্গে যায়। সেই সাথে কয়েকজন পরে আহত হয়।

আল আমিন নামে একজন মুসল্লি বলেন, নাসির উদ্দিন পাটোয়ারীর সাথে যারা ছিলো তারা অনেক উশৃঙ্খল। তারা মসজিদের ভিতরেই অনেক হুড়োহুড়ি করে। এসময় মসজিদের গ্লাস ভেঙ্গে অনেকের শরীরে পড়ে আহত হয়। তাদের কাঁচের গ্লাস দিয়ে হাত-পা কেটে যায়। তবে আহতদের নাম বলতে পারছি না।

নারায়ণঞ্জ জেলা জাতীয় নাগরিক পাটির্র (এনসিপি) সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান বলেন, আমরা যথেষ্ট চেষ্টা করেছি অন্তত মসজিদের ভিতরে চাপ কমানোর। কিন্তু সাধারণ মুসল্লী সহ সবার উপচেপড়া ভীড়ে তা কন্ট্রোল করা সম্ভব হয়নি। তাই স্বাভাবিকভাবেই মসজিদের গেটে এসে মানুষের চাপে একটি অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে যায়।

তিনি আরও বলেন, আমরা সাথে সাথেই আমাদের দায়িত্বশীলদেরকে বলেছি মসজিদ কর্তৃপক্ষের সাথে কথা বলতে। আমরাও ইমাম ও মুয়াজ্জিনের সাথে কথা বলেছি। আমরা মসজিদের ভেঙে যাওয়া গ্লাস পুনঃস্থাপন করে দিবো। এই অনাকাক্সিক্ষত ঘটনার জন্য আমরা দুঃখপ্রকাশ করছি।