নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় মাছ ব্যবসায়ী মাসুদ বাঙ্গালী ও তার পরিবারের ওপর হামলা, মারধর, শ্লীলতাহানির চেষ্টা এবং দোকান লুটপাটের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১২ মে) দুপুর ২টায় সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় গণমাধ্যমকে মাসুদ বাঙ্গালীর স্ত্রী আসমা তার বক্তব্যে এসব কথা বলেন।
মাসুদ বাঙ্গালীর স্ত্রী আসমা বলেন, আমার স্বামী মাসুদ দীর্ঘ ১৭ বছর ধরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় মাছের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন। আমার চারজন কন্যা সন্তান ছিল। গত আড়াই মাস আগে আমার বড় মেয়ে কিডনি সমস্যায় মারা যায়। বর্তমানে ৩ মেয়েকে নিয়ে আমরা এই মাছের ব্যবসার উপর নির্ভর করে জীবন-যাপন করছি। কারো সাথে আমাদের কোন খারাপ সম্পর্ক নেই। কিন্তু কিছুদিন ধরে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের জন্য বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। তারই সূত্র ধরে গত ১০ মে রবিবার দুপুরে যুবদল নেতা শহিদুল, বিএনপি নেতা এম এ হালিম জুয়েল, রাসেল, শেখ জামাল, উজ্জল ও অপুসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জন আমাদের মাছের দোকানে গিয়ে দোকান সড়িয়ে নিতে চাপ প্রয়োগ করে। এ সময় তারা বৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন বলে জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে অভিযুক্তরা আমার স্বামী মাসুদকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে। এসময় আমার স্বামীকে বাঁচাতে আমি ও আমার মেয়েরা বাঁধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়। একই সঙ্গে আমার মেয়েদের শ্লীলতাহানি করা হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা দোকান থেকে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার মাছ লুট করে এবং দোকানপাট ভাঙচুর চালায়। পরে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা।
সংবাদ সম্মেলনে আসমা বলেন, আমরা পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে আছি। আমাদের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। আমরা এমপি আজহারুল ইসলাম মান্নান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি।


































আপনার মতামত লিখুন :