নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনুমোদনহীন পশুর হাটে গরু উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটেছে।
শনিবার (২৩ মে) সিদ্ধিরগঞ্জ থানার পূর্ব-নিমাইকাশাড়ি এলাকায় এ ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আফজাল জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব-নিমাইকাশাড়ি এলাকায় আব্দুল মতিন মাস্টারের খালি জায়গায় কোনো ধরনের অনুমোদন ছাড়াই অস্থায়ী পশুর হাট পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে ওই হাটে প্রায় সহস্রাধিক পশু বিক্রির জন্য আনা হয়েছে বলে দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাসিক ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন ওই হাট পরিচালনা করছেন। অপরদিকে, পাশেই সিটি করপোরেশন অনুমোদিত “মৌচাক মাদানীনগর বালুর মাঠ” পশুর হাটের ইজারাদার হিসেবে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার।
আফজাল অভিযোগ করে বলেন, সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশনায় উভয় পক্ষকে সমন্বয় করে হাট পরিচালনার কথা থাকলেও বাস্তবে আলাদাভাবে দুটি হাট পরিচালিত হচ্ছে। ফলে বৈধ-অবৈধ হাট নিয়ে দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করেছে।
শুক্রবার রাত ১০টার দিকে অনুমোদনহীন হাটে গরু উঠানোকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য বাবুলের সঙ্গে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের অনুসারীদের সংঘর্ষ হয় বলে অভিযোগ উঠেছে। এতে বাবুলকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও দাবি করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, এমন কোন খবর আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন এর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।



-20260522173818.jpg)

































আপনার মতামত লিখুন :