News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

পরিবহন চাঁদাবাজদের গ্রেপ্তারে বাস মালিকদের মাঝে স্বস্তি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৯:৪৩ পিএম পরিবহন চাঁদাবাজদের গ্রেপ্তারে বাস মালিকদের মাঝে স্বস্তি

মালঞ্চ পরিবহনের একজন মালিকের দায়ের করা মামলায় পরিবহনের চার চাঁদাবাজ গ্রেপ্তারের ঘটনায় স্বস্তি ফিরেছে বাস মালিকদের মাঝে। মামলা দায়ের করার পর দ্রুততম সময়ের মধ্যে জেলা গোয়েন্দা পুলিশের এমন সফলতায় তারা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সাথে এসব পরিবহন চাঁদাবাজ বিরুদ্ধে পুলিশে অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস ও দূর পাল্লা মালিক সমিতির নেতৃবৃন্দরা।

এ ব্যাপারে সংগঠনটির সাধারণ সম্পাদক রওশন আলী সরকার জানান, মালঞ্চ পরিবহনে চাঁদাবাজির ঘটনার পর আমরা মালিক নেতৃবৃন্দরা জেলা পুলিশ সুপারের দ্বারস্ত হয়ে ছিলাম। উনি আমাদেরকে মামলা করার পরামর্শ দিয়েছিলেন। আমরা মামলা করেছি এবং চাঁদাবাজদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা মালিক সংগঠনের সভাপতি মাহাবুব উল্লাহ তপন এবং আমি রওশন আলী সরকার জেলা পুলিশ সুপার ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরো জানান, নারায়ণগঞ্জ থেকে চলাচলকারী দূরপাল্লার বাস বিশেষ করে উত্তরবঙ্গ এবং জামালপুরের বাস গুলোতে এমন ঘটনা ঘটে আসছে সেই আওয়ামী লীগ আমল থেকে যা এখন পর্যন্ত চলছে। বিশেষ করে এই চক্রটি নারায়ণগঞ্জের সাইনবোর্ড, শিমরাইল, কাচঁপুর, তারাবো, রূপসী, কাঞ্চন, ও গাউছিয়া এলাকায় এমন চাঁদাবাজির ঘটনা ঘটিয়ে থাকে। এসব পরিবহন গুলো থেকে সারাদিনের ইনকামের টাকা সহ গাড়ি চাকা এবং বিভিন্ন যন্ত্রাংশ গাড়ি থেকে নামিয়ে নিয়ে যেতো। তাদের একটি বড় সংঘবদ্ধ চক্র রয়েছে যারা এসব উল্লেখিত স্থানে এমন সন্ত্রাসী কর্মকান্ড করে থাকে। শুধু তাই নয় বিভিন্ন সময় তারা বাস মালিকদের ফোন করে চাঁদা দাবি সহ বিভিন্ন হুমকি ধামকিও প্রদান করে থাকে। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

জেলা পুলিশের কাছে আমাদের অনুরোধ থাকবে পরিবহন ডাকাত ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান আরো জোড়ালো এবং অব্যাহত রাখুক।

উল্লেখ্য, মালঞ্চ পরিবহন থেকে চাঁদাবাজির ঘটনায় গত ২২ জুলাই ৪ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ও মিজমিজি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো. সাখাওয়াত হোসেন সৈকত (৪০), মো. সেন্টু (৪০), মো. রবিন (৩৫), মো. ইউসুফ (২৬)।

পুলিশ জানায় গত ২৬ মে সকাল ৭ সাড়ে ৭টায় "মালঞ্চ পরিবহনের" ড্রাইভার আমিনুল ইসলাম এবং হেলপার নজরুল ইসলাম তাদের বাস নিয়ে জামালপুর থেকে নারায়ণগঞ্জ আসার সময় সিদ্ধিরগঞ্জ সানারপাড় ইউটার্নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর পৌঁছামাত্র ৭-৮ জন মোটরসাইকেল এর মাধ্যমে রাস্তা বন্ধ করে বাসটি থামিয়ে ড্রাইভার ও হেলপারকে এলোপাতাড়ি চড়, থাপ্পড়, কিল, ঘুসি মেরে ভয় ভীতি প্রদর্শন করে এবং চাঁদাদাবি করে। ড্রাইভার ও হেলপার চাঁদার টাকা দিতে অস্বীকার করলে জোরপূর্বক তাদের কাছে থাকা বাসের নগদ ৯ হাজার ৫০০ টাকা, রিংসহ ১ টি স্পেয়ার চাকা, ও গাড়ির কাগজপত্র এবং একটি টেকনো কোম্পানির স্মার্ট ফোন নিয়ে যায়।

পরবর্তীতে উক্ত ঘটনায় মালঞ্চ পরিবহনের পরিচালক গোলাম মোস্তফা রানা (৫৬) সিদ্ধিরগঞ্জ থানায় এজাহার দায়ের করলে একটি চাঁদাবাজি ধারায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে মো. সাখাওয়াত হোসেন সৈকত (৪০) এর বিরুদ্ধে জিএমপি, নারায়ণগঞ্জ জেলা ও নরসিংদী জেলায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, দস্যুতার অপরাধে ৬টি মামলা, মো. সেন্টু (৪০) এর বিরুদ্ধে ১টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা, মো. রবিন (৩৫) এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও কুমিল্লা জেলার বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতির অপরাধে ৬ টি মামলা এবং মো. ইউসুফ (২৬) এর বিরুদ্ধে চাঁদাবাজি ও দ্রুত বিচার আইনের ২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।