News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৯:০৫ পিএম প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

নারায়ণগঞ্জে বিদ্যুৎ গ্রাহকদের আপত্তি সত্ত্বেও জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের ব্যানারে স্মারকলিপি দিয়েছে বিক্ষুব্ধ নারায়ণগঞ্জবাসী।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রি-পেইড মিটার স্থাপনে গণ অসন্তোষ সংক্রান্ত সমস্যার সমাধানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে মত বিনিময় সভায় অংশ নেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ  নাগরিক অধিকার ফোরামের আহবায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, চাষাঢ়া পঞ্চায়েতের যুগ্ম সম্পাদক নুরুল হুদা, বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি মহিউদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ সুমন, শ্রমিক নেতা মাহমুদুর রহমান সহ বিভিন্ন এলাকায় পঞ্চায়েত ও মসজিদ কমিটির নেতৃবৃন্দ।  

মত বিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জে বিদ্যুতের গ্রাহকদের আপত্তি সত্ত্বেও জোরপূর্বক  প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে আমরা ইতোপূর্বে একাধিকবার মানববন্ধন ও ডিপিডিসির প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়েছি। কিন্তু তারপরেও অনেক এলাকায় জোরপূর্বক প্রিপেইড মিটার লাগানোর চেষ্টা করা হচ্ছে। কোনো ধরনের আগাম নোটিশ, জনমত যাচাই বা গণশুনানি ছাড়াই সাধারণ গ্রাহকদের ওপর একতরফাভাবে প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়া হচ্ছে। ডিজিটাল ব্যবস্থা ও আধুনিকায়নের আড়ালে এই পদ্ধতির মাধ্যমে গ্রাহকদের ভোগান্তি, কারিগরি জটিলতা এবং অতিরিক্ত আর্থিক চাপের মুখে ফেলা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ডিপিডিসি কর্তৃপক্ষ কোন ধরনের গণশুনানী ছাড়া জোরপূর্বক প্রিপেইড মিটার লাগানোর চেষ্টা করলে নারায়ণগঞ্জ অশান্ত হয়ে উঠতে পারে। এ বিষয়ে জেলা প্রশাসকের হস্তক্ষে কামনা করেন। 

জেলা প্রশাসক বলেন, আপনাদের স্মারকলিপির কপি প্রধানমন্ত্রী ও জ্বালানী মন্ত্রীর দফতরে পৌছে দেয়া হবে।

এ বিষয়ে ডিপিডিসির সংশ্লিষ্টদের সঙ্গে তিনি কথা বলবেন বলে জানান।