খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গ্রেফতার হয়ে কারাগারে গিয়েছেন নারায়ণগঞ্জের দুই তরুণ।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে তাদের দ্রুত বিচার আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে তাদেরকে বন্দর বাজার এলাকা থেকে আটক করা হয়।
এই দুই তরুণ হলেন লিমন তোহা (২২) ও ইয়াসিন মোল্লা (২৩)। তাঁদের বাড়ি বন্দর বাজার এলাকায়। লিমন তোহা ওই এলাকার মো. শাহীন আহমেদের ছেলে। ইয়াসিন মোল্লার বাবার নাম স্বপন মোল্লা। তাদের মধ্যে লিমন ২০২৪ সালে এইচএসসি পাশ করে আর লেখাপড়া করেননি। তিনি সাত বছর ধরে টিকটক করেন। আর ইয়াসিন ২০২২ সালে এসএসসি পাশ করে আর লেখাপড়া করেননি। তিনি দুই বছর ধরে টিকটক করেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ঘটনায় দুই যুবককে দ্রুত বিচার আইনে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে খেলনা বন্দুক দুইটিও উদ্ধার করা হয়েছে। খেলনা বন্দুক দিয়ে ওই ভিডিও তৈরি করেছিলো বলে প্রাথমিকভাবে তারা জানিয়েছেন। তাদের উদ্দেশ্য ছিল টিকটকের ভিডিও বানানো। সেই সাথে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় বন্দুক হাতে দুই তরুণের ঘুরে বেড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দুই তরুণের দাবী অনুযায়ী খেলনা বন্দুক দিয়ে মজা করা উদ্দেশ্য হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টিকে ভালোভাবে নেয়নি।
ভিডিওতে দেখা যায়, কালো রঙের লম্বা কুর্তা পায়জামা ও মাথায় টুপি পরা দুই তরুণ। তাঁদের হাতে কালো রঙের বড় দুটি বন্দুক। কখনো পার্কের ভেতর, কখনো ব্যস্ত সড়কে, কখনো নদীর ঘাটে আবার কখনো দোকানের সামনে বন্দুক হাতে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। আর এসময় যাকে পাচ্ছেন তার দিকেই বন্দুক তাক করছেন। এতে করে হঠাৎ করে ভয় পেয়ে যাচ্ছেন পথচারীরা। আবার কেউ পরক্ষণেই বুঝতে পেরে অবাক হচ্ছেন। সেই সাথে বন্দুক হাতে দিয়ে দেখছেন।
এ বিষয়ে লিমন তোহা বলেছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড দেখে এই ভিডিও করেছি। আমাদের উদ্দেশ্য মজা করা। বন্দুক দেখে মানুষজন কি প্রতিক্রিয়া দেখায় সেটা ভিডিও ধারণ করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা। পাকিস্তানি আদলে ভিডিও করলে সে ভিডিওতে বেশি সাড়া পাওয়া যায়। সে জন্যই মূলত এসব ভিডিও বানানো।







































আপনার মতামত লিখুন :