ডিএনডি অঞ্চলের জলাবদ্ধতা নিরসনের জন্য এই অঞ্চলের ভেতরে থাকা খালগুলো নিকটস্থ সিটি করপোরেশনের দ্বারা খনন এবং রক্ষনাবেক্ষন করার প্রস্তাব উঠে এসেছিলো প্রধানমন্ত্রীর বৈঠকে। তবে প্রায় তিনমাসেও সেই প্রস্তাবনার বাস্তবায়ন হয়নি। একদিকে পুরো ডিএনডি অঞ্চল সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হবার সম্ভাবনা, অন্যদিকে খাল নিয়ে প্রস্তাবনার অগ্রগতি শূন্য। উভয় মিলিয়ে দোটানায় ডিএনডিবাসী।
গত ৩ জুন ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকায় জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রী কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবীর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বৈঠকে বিগত ডিএনডি প্রজেক্টের অবস্থা তুলে ধরা হয়। সেই সাথে বর্তমানে ডিএনডি এলাকায় সৃষ্ট সমস্যা ও এর করনীয় বিষয়ে আলোচনা করা হয়। আলোচনার এক পর্যায়ে ডিএনডি অঞ্চলের ভেতরে থাকা খালগুলো খনন, সংস্কার করার প্রস্তাব উঠে আসে। সেই সাথে এসব খাল সংস্কারে সংশ্লিষ্ট অঞ্চলের সিটি করপোরেশনের সাথে চুক্তি করার প্রস্তাব তুলে ধরা হয়।
বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক রায়হান কবীর। তিনি বলেন, ডিএনডি অঞ্চলের সমস্যার বিষয়গুলো তুলে ধরা হয়। আলোচনায় বেশ কয়েকটি প্রস্তাব উঠে এসেছে। এর মধ্যে রয়েছে প্রকল্পের মাধ্যমে যেসব স্ট্রাকচার নির্মান করা হয়েছে সেগুলো ব্যবহার উপযোগী করে পানি নিষ্কাশন ব্যবস্থা জোড়দার করা। ভরাট হয়ে যাওয়া খালগুলো খনন করে পানির প্রবাহ বৃদ্ধি। খালগুলো সচল রাখার জন্য সিটি করপোরেশনের সাথে এমইউ চুক্তির মাধ্যমে কার্যক্রম চালু রাখা। ঢাকা অংশে ঢাকা সিটি করপোরেশন কাজ করবে। নারায়ণগঞ্জ অংশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কাজ করবে।
এছাড়া পানি নিষ্কাশন করে বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যায় যেন পাম্প করে ফেলা যায় সেই নির্দেশনা এসেছে। তবে এই বিষয়ের উপর আরও কয়েকটি মিটিং হবে। সেখানে ধারাবাহিক ভাবে এই অঞ্চলের সমস্যা সমাধানের প্রস্তাবনা উঠে আসবে এবং সেই অনুযায়ী কাজ করা হবে। আমরা আশাবাদী যেহেতু প্রধানমন্ত্রী এই বিষয়ে আন্তরিকভাবে সমাধানের উদ্যোগ নিয়েছেন। চলতি বর্ষা মৌসুম থেকেই আমাদের কার্যক্রম শুরু হতে পারে।
তবে এই প্রস্তাবনা তিনমাসেও এখনও আলোর মুখ দেখেনি। খালের দায়িত্ব দুই সিটি করপোরেশনের কোনটিকেই বুঝিতে দেয়া হয়নি বাঁ চুক্তি স্বাক্ষরিত হয়নি। যেই কারনে এই প্রকল্পের অগ্রগতি নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই। এছাড়া পানিসম্পদ মন্ত্রীর ডিএনডি অঞ্চল পরিদর্শনের কথা উঠে এসেছিলো বেশ কয়েকবার। কিন্তু সেটাও দৃশ্যমান না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ডিএনডিবাসী।
বাসিন্দারা বলছেন, দ্রুত ভিত্তিতে এই অঞ্চলের জলাবদ্ধতা স্থায়ী নিরসনে উদ্যোগ নেয়া দরকার। অন্যথায় এই ভোগান্তি আগামী বছরেও অব্যহত থাকবে। বর্তমান সরকার দ্রুত উদ্যোগ নিলে এই সমস্যা থেকে মুক্তি মেলা অসম্ভব কিছুই নয়।






































আপনার মতামত লিখুন :