News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

কুতুবপুরে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফুতুল্লা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ১০:৩২ পিএম কুতুবপুরে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালানো হয়। এসময় বাধা দিতে গেলে রিপন নামে একজনকে ছুরিকাঘাত করে হাতের কব্জির অর্ধেক কেটে ফেলা হয়েছে।

মঙ্গলবার রাতে ফতুল্লার কুতুবপুর উত্তরপাড়া এলাকায় এঘটনা ঘটে।

কুতুবপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক আল আমিন জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মাদক বিরোধী একটি লেখা পোষ্ট করেন। এনিয়ে ক্ষিপ্ত হয়ে একই ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন দলবল নিয়ে প্রথমে দিনের বেলায় তাকে মারধর করে। পরে রাতে ফের দলবল নিয়ে তার ইট বালুর ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র হাতে হামলা চালায়। প্রতিষ্ঠানের শার্টার কুপিয়ে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চেয়ার টেবিল ভাংচুর করে ক্যাশ থেকে টাকা লুটে নেয়। এসময় রিপন (২৮) নামে একজন বাধা দিতে গেলে হত্যার উদ্দেশ্যে তার পেটে ছুরিকাঘাত করলে হাতের কব্জিতে লাগে। এতে কব্জির অর্ধেক কেটে যায়। তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

এ অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন বলেন, কয়েকদিন আগে অবৈধ ব্যবসায়ীরা সিলেট থেকে পাথরের ট্রাকে লুকিয়ে বিপুল পরিমাণ চকলেট নিয়ে আসেন কুতুবপুরে। বিষয়টি জানতে পেরে আলআমিন দলবল নিয়ে ওই ট্রাক আটক করে অবৈধ ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়। এ টাকা আলআমিন একাই আত্মসাত করায় তার সাথে সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এ হামলা বা তাদের সাথে আমার কোন সম্পর্ক নেই।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, খবর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।