বন্দরের অত্যন্ত জনগুরুত্বপূর্ণ নবীগঞ্জ বাসস্ট্যান্ড হতে কাইকারটেক পর্যন্ত সড়কটি জনদুর্ভোগের অন্য নাম। দীর্ঘ তিন কিলোমিটার এই ব্যস্ততম রাস্তাটি বর্তমানে চলাচলের পুরোপুরি অযোগ্য হয়ে পড়েছে।
জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় সংস্কারের অভাবে সড়কটি এখন যাত্রী ও চালকদের জন্য এক আতঙ্কে পরিণত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নবীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু করে কাইকারটেক পর্যন্ত প্রায় প্রতিটি মোড়েই বড় বড় গর্ত বা খানাখন্দের সৃষ্টি হয়েছে। পিচ ঢালাই উঠে গিয়ে অনেক জায়গায় ইটের খোয়া ও মাটি বেরিয়ে এসেছে। বিকল্প কোনো যাতায়াত ব্যবস্থা না থাকায় প্রতিদিন শত শত হালকা ও ভারী যানবাহন এই জরাজীর্ণ পথ দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার এই বেহাল দশার কারণে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা লেগেই আছে। বিশেষ করে সিএনজি, অটোরিকশা ও পণ্যবাহী ট্রাক গর্তে পড়ে উল্টে গিয়ে প্রায়ই যাত্রীদের অঙ্গহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটছে। রাতের অন্ধকারে এই ঝুঁকি আরও বহুগুণ বেড়ে যায়।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয় কয়েকজন ভুক্তভোগী বলেন, আমরা ট্যাক্স দিই, ভোট দিই, অথচ যাতায়াতের জন্য একটি নিরাপদ রাস্তা পাই না। সংশ্লিষ্টদের বারবার জানিয়েও কোনো কাজ হচ্ছে না। এটি যেন দেখার কেউ নেই।
স্থানীয় জনৈক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের সন্তানদের স্কুল-কলেজে পাঠাতে ভয় লাগে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাই সংসদ সদস্য নিজে উদ্যোগী হয়ে দ্রুত এই সড়কটির সংস্কার কাজ শুরু করার নির্দেশ দেবেন।








































আপনার মতামত লিখুন :