নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাত্র ১০ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় অটোরিকশা চালক মো. মুমিনকে (৪৯)। ঘটনাটি নজরে আসে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের।
শুক্রবার (২২ মে) বিকেলে তিনি ছুটে যান সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর এলাকায় নিহত মুমিনের বাড়িতে।
এসময় এমপি মান্নান নিহত মুমিনের স্ত্রী, সন্তান ও স্বজনদের সান্ত্বনা দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। পরিবারের আর্থিক দুরবস্থার কথা শুনে তিনি নিহতের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন এবং তাৎক্ষণিকভাবে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
নিহতের পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে জানান, মুমিন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি এখন দিশেহারা হয়ে পড়েছে। ছোট ছোট সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন তারা।
এসময় এমপি মান্নান বলেন, একজন শ্রমজীবী মানুষকে সামান্য চাঁদার জন্য যেভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক ও অমানবিক। যারা এই ঘটনার সাথে জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, মানুষ মানুষের জন্য। অসহায় এই পরিবারকে একা ফেলে দেওয়া হবে না। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরও এগিয়ে আসা উচিত।



































আপনার মতামত লিখুন :